
বাংলাদেশে ভোটের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক মূল্যায়নে। সোমবার (১২ জানুয়ারি) নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, দেশের রাজনৈতিক অস্থিরতা ও কাঠামোগত সংকট পুরোপুরি না কাটলেও অর্থনৈতিক পতনের আশঙ্কা অনেকটাই দূর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রতিবেদনে আরও বলা হয়—শেখ হাসিনার সরকার পতনের পর যখন ড. ইউনূস দায়িত্ব নেন, তখন বাংলাদেশের অর্থনীতি কার্যত ধসে পড়ার মুখে ছিল। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা, স্থবির বিনিয়োগ, কর্মসংস্থানের সংকট, দুর্বল রাজস্ব আদায় এবং বিপুল বৈদেশিক ঋণ—সব মিলিয়ে পরিস্থিতি ছিল উদ্বেগজনক। একই সঙ্গে বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। দায়িত্ব নেওয়ার পরপরই ড. ইউনূস শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগ দিয়ে এসব প্রতিষ্ঠান সচল করার উদ্যোগ নেন এবং অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত পদক্ষেপ নেন।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের জন্য একটি বিশ্বাসযোগ্য কেন্দ্রবিন্দু তৈরি করেছিলেন, যা দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অচলাবস্থা এড়াতে সহায়তা করেছে। তাঁর ভাষায়, বাংলাদেশের সংকটটি ছিল ধীর গতির—শ্রীলঙ্কা বা ইন্দোনেশিয়ার মতো হাইপারইনফ্লেশন বা ব্যাংক ধস দেখা দেয়নি—ফলে নীতিনির্ধারকদের হাতে কিছুটা সময় ছিল।
২০২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৬৯ শতাংশে, যা আগের বছরের তুলনায় কম হলেও অন্যান্য সূচকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ডিসেম্বর পর্যন্ত মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৯ শতাংশে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২.৫৭ বিলিয়ন ডলারে, যা অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০২৬ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি বেড়ে ৪.৮ শতাংশে পৌঁছাতে পারে।
রপ্তানি খাতেও আংশিক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। ২০২৫ অর্থবছরে রপ্তানি বেড়েছে ৮.৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা ড. ইউনূসের বৈশ্বিক গ্রহণযোগ্যতার কারণেই এটি তুলনামূলকভাবে সহজ হয়েছে বলে মনে করছেন নীতি বিশ্লেষকেরা। জাপানের সঙ্গেও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আলোচনা এগিয়েছে, বিশেষ করে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে।
তবে চ্যালেঞ্জ রয়ে গেছে। খেলাপি ঋণের পরিমাণ এখনো বিপুল—যা আর্থিক খাতের জন্য বড় ঝুঁকি। পাশাপাশি ঋণের বোঝা ও দুর্বল রাজস্ব আদায় ভবিষ্যৎ সরকারের জন্য বড় মাথাব্যথা হয়ে থাকবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অনিশ্চয়তা, শিল্প উৎপাদনের দুর্বলতা এবং বৈশ্বিক চাপ অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে।
সব মিলিয়ে, ড. ইউনূসের নেতৃত্বে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও টেকসই উন্নয়নের জন্য পরবর্তী সরকারের দ্রুত ও আন্তরিক সংস্কার অপরিহার্য বলে মনে করছেন বিশ্লেষকেরা।

দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা প্রসারের লক্ষ্যে চালু করা হয়েছে ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’। এর আওতায় প্রবর্তিত ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিভিএ)-এর মাধ্যমে এখন থেকে সহজেই বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপল ও পেওনিয়ারের মতো বৈশ্বিক ই-কমার্স ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে..
৪ ঘণ্টা আগে
কিমিয়া সাদাত একজন বিশিষ্ট ব্যাংকিং নেতা, যার করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও পুনর্গঠন, লিজ ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে
৫ ঘণ্টা আগে
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত তৃতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে ভিসা ইনকরপোরেটেড। এই প্রান্তিকে ভিসার জিএএপি (প্রচলিত হিসাব-মান) নিট মুনাফা দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। শেয়ার প্রতি নিট মুনাফা ২ দশমিক ৯৭ ডলার। যা গত বছরের তুলনায় যথাক্রমে ৭ শতাংশ ও ১০ শতাংশ বেশি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর আর্থিক ও ভৌত অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এডিপি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত কার্যক্রমসমূহের আর্থিক ও ভৌত অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
৮ ঘণ্টা আগে