
সাময়িক হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২০ ডলার হওয়ার তথ্য দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), যা ইতিহাসের সর্বোচ্চ। এর আগে ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল সর্বোচ্চ ২ হাজার ৭৯৩ ডলার।
আজ মঙ্গলবার বিবিএস সাময়িক হিসাব প্রকাশ করেছে। এক বছরের ব্যবধানে এ আয় বেড়েছে ৮২ ডলার। আগের ২০২৩-২০২৪ অর্থবছরে ছিল ২ হাজার ৭৩৮ ডলার। বিবিএসের এক কর্মকর্তা বলেন, রেমিটেন্স বাড়ার কারণেই মাথাপিছু আয় বেড়ে রেকর্ড হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসের তথ্যের ভিত্তিতে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় ও খাতভিত্তিক উৎপাদনের প্রাক্কলিত তথ্য প্রকাশ করেছে বিবিএস। অর্থবছর শেষে সাময়িক হিসাব সংশোধন হতে পারে।
মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়।
বিবিএসের প্রাক্কলিত এ হিসাবে মাথাপিছু আয় বাড়লেও ধাক্কা লেগেছে জিডিপি প্রবৃদ্ধিতে। চলতি অর্থছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ, যা পাঁচ বছরের মধ্যে কম। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ, যা ছিল চার বছরের মধ্যে সবচেয়ে কম।
চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রবৃদ্ধির এ হার উন্নয়ন সহযোগী বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর পূর্বাভাসের কাছাকাছি। এর আগে সংস্থা দুটি তাদের হালনাগাদ প্রতিবেদনে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকার কথা বলেছিল।
এর আগে ২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এরপর আসে মহামারী। ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাড়িয়েছিল ৩ দশমিক ৪৫ শতাংশে। সে হিসাবে পাঁচ বছরের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি সবচেয়ে কম।
একটি দেশে সারাবছর উৎপাদিত পণ্য ও সেবা মিলিয়ে জিডিপি হিসাব করা হয়। বিবিএস বলছে, প্রাক্কলিত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি দাঁড়িয়েছে ৪৬২ বিলিয়ন ডলার বা ৫৫ হাজার ৫২৮ বিলিয়ন টাকা (প্রতি ডলার ১২০ টাকা ২৯ পয়সা ধরে)। আগের ২০২৩-২০২৪ অর্থবছর শেষে বাংলাদেশের মোট জিডিপির আকার দাঁড়িয়েছিল ৪৫০ বিলিয়ন ডলার বা ৫০ হাজার ২৭ বিলিয়ন টাকা।
চলতি অর্থবছরের শুরুতেই সরকার পরিবর্তনের দাবিতে উত্তাল ছিল সারাদেশ। অবরোধ, সংঘাত ও ইন্টারনেট বন্ধ রাখার ঘটনায় অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল, যার প্রভাব পড়ে অর্থনীনতিতে। যে কারণে অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয় মাত্র ১ দশমিক ৯৬ শতাংশ। আগের বছর একই সময়ে এ হার ছিল ৫ দশমিক ৮৭ শতাংশ।
সাময়িক হিসাবের ভিত্তিতে বিবিএস বলছে, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির সঙ্গে বিনিয়োগের অনুপাত দাঁড়িয়েছে ২৯.৩৮ শতাংশ। আগের অর্থবছরে যা ছিল ৩০.৭০ %।
ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরে। সরকার কিছুটা স্থিতিশীল হলে আন্দোলন সংগ্রামের চাপও কমতে শুরু করে। তবে বছর শেষে প্রবৃদ্ধিতে এর রেশ রয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও খবর পড়ুন:

সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
৮ ঘণ্টা আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
৮ ঘণ্টা আগে
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে
৮ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই...
৮ ঘণ্টা আগে