উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে সামান্য স্বস্তি এসেছে বাজারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস মার্চে এই হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
গত বছরের এপ্রিলের তুলনায়ও মূল্যস্ফীতি কমেছে। ২০২৪ সালের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। শুধু সার্বিক মূল্যস্ফীতিই নয়, খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে।
আজ সোমবার প্রকাশিত বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে এপ্রিলে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৭ শতাংশে। এর আগের মাসে এ হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ। আর খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি নেমেছে ৯ দশমিক ৬১ শতাংশে, যা গত মার্চ মাসে ছিল ৯ দশমিক ৭০ শতাংশ।
মূল্যস্ফীতির এই হার অর্থনীতিতে কেমন প্রভাব ফেলে, তা সহজভাবে বোঝাতে গেলে বলা যায়—গত বছরের এপ্রিল মাসে যে পণ্য ১০০ টাকায় পাওয়া যেত, তা কিনতে এবার ১০৯ টাকা ১৭ পয়সা খরচ করতে হয়েছে। অর্থাৎ, একই পণ্যের জন্য অতিরিক্ত খরচ করতে হচ্ছে প্রায় ৯ শতাংশ বেশি।
মূল্যস্ফীতিকে অনেক অর্থনীতিবিদ এক ধরনের পরোক্ষ কর হিসেবে বিবেচনা করেন। কারণ, যদি আয়ের সঙ্গে খরচের সামঞ্জস্য না থাকে, তাহলে অনেক পরিবারকে ধারদেনায় পড়তে হয় কিংবা খাবার, পোশাক, চিকিৎসা, যাতায়াত খাতে কাটছাঁট করতে হয়।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার সুদের হার বাড়ানোর পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তেল, পেঁয়াজ, ডিম, আলুসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক-কর হ্রাস করেছে। একই সঙ্গে বাজারে আমদানি স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশে গড় আয়ের একটি বড় অংশ চলে যায় খাবার কেনার পেছনে। গরিব মানুষের ক্ষেত্রে এই চিত্র আরও প্রকট। অনেক দরিদ্র পরিবার আয়ের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ ব্যয় করে শুধু খাদ্যপণ্যে।
বিবিএসের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে শহরের তুলনায় গ্রামের মানুষ কিছুটা কম মূল্যস্ফীতির চাপ অনুভব করেছে। গ্রাম এলাকায় এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৫ শতাংশ, যেখানে শহর এলাকায় ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।
মার্চ মাসের তুলনায় উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মার্চে গ্রামে এই হার ছিল ৯ দশমিক ৪১ শতাংশ এবং শহরে ৯ দশমিক ৬৬ শতাংশ।
২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এক বছরের গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ২১ শতাংশ, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৩ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ।
বিবিএস জানায়, দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাট-বাজার থেকে নির্ধারিত সময়ের তথ্য-উপাত্ত সংগ্রহ করে এপ্রিলে মূল্যস্ফীতির সূচক (সিপিআই) নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং প্রতি মাসে দেশের ৬৪টি জেলা থেকে প্রায় ৬৩টি পেশার মজুরি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে মজুরি সূচক নির্ধারণ করে থাকে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরুর দিকে, অর্থাৎ গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ—যা ছিল গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে শীত মৌসুমে শাকসবজি, ডিম, পেঁয়াজসহ নানা পণ্যের দাম কমায় সাম্প্রতিক মাসগুলোতে খাদ্য মূল্যস্ফীতি ক্রমাগত কমেছে। এপ্রিল মাসে তা আরও নেমে এসেছে ৮ দশমিক ৬৩ শতাংশে।

নগদবিহীন (ক্যাশলেস) লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে দেশে চালু হয়েছে সর্বজনীন ‘বাংলা কিউআর’ ব্যবস্থা। এখন একটি কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করা যাবে।
১০ ঘণ্টা আগে
বাংলা কিউআর ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ শনিবার ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে ব্যবহার করে তিনি এই কেনাকাটা করেন।
১৬ ঘণ্টা আগে
অনলাইন পেমেন্টকে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ চালু করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া এই সেবার মাধ্যমে অনলাইন লেনদেনের সময় প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ড...
২১ ঘণ্টা আগে
চুলের যত্নের পণ্য লিলি সিরাম ওয়েল এখন দেশের বিভিন্ন প্রান্তে সহজেই পাওয়া যাচ্ছে। সুপারশপ ও মডার্ন ট্রেড আউটলেটের পাশাপাশি শহর, উপজেলা ও গ্রামাঞ্চলের কসমেটিকস, বিউটি স্টোর এবং মুদি-মনোহরি দোকানেও পণ্যটি বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
২ দিন আগে