
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর ঠাকুরগাঁওয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তিন ভরি স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরের দল। আজ শুক্রবার ভোররাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা আমজানখোর ইউনিয়নের জাফরটলি গ্রামে এ ঘটনা ঘটে।
একই রাতে ইউনুস আলীর প্রতিবেশী মতিউর রহমানের বাড়িতেও চুরি হয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না ইউনুস আলী। খবর পেয়ে আজ সকালে ও বিকেলে দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ইউনুস আলীর ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘রাতে চেতনানাশক ওষুধ ছিটিয়ে চোরের দল তিনটি ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়। চুরির সময় বাবার ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। সকালে প্রতিবেশীদের মোবাইলে ডেকে এনে দরজা খুলে দেখি, গেটের বাইরে কাগজপত্রগুলো ফেলে গেছে।’
ইউনুস আলীর বাবা বলেন, ‘আমার দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় চোরেরা। ফজরের নামাজের সময় বের হতে না পেরে ডাকাডাকির পর সবাই চুরির ঘটনাটি অবগত হই। তিন ভরি স্বর্ণ, ছোট ছেলে আশরাফুলের লক্ষাধিক টাকাসহ ইউনুসের আলমারিতে থাকা কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। কিছু কাগজপত্র ফেলে গেছে গেটের বাইরে।’
ইউনুসের প্রতিবেশী মতিউর রহমান বলেন, ‘আমার বাড়ির শোকেস ও ট্রাংক থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বাইরে কাগজপত্রগুলো ফেলে গেছে। আমরা ইউনুসের মনে করে এগুলো তাঁর ভাইকে দিতে গিয়েছিলাম। পরে দেখি এসব আমাদের কাগজপত্র।’ মতিউরের স্ত্রী সালেহা বেগম বলেন, ‘বিএনপি মহাসচিব স্যারের সঙ্গে থাকেন ইউনুস ভাই। তাঁর প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিন্তে ছিলাম। চুরির পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
প্রতিবেশীরা বলছেন, ইউনুসের বাড়িতে যদি চুরি হয়, তাহলে তাঁদের নিরাপত্তা কোথায়। তাঁরা এই চুরির রহস্য দ্রুত উন্মোচন করে চোরদের শাস্তির দাবি জানিয়েছেন।
চুরির কথা পরিবারের স্বজনেরা মোবাইলে ইউনুস আলীকে জানিয়েছেন। তিনি তাঁর ভাই আশরাফুল ইসলামকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘পুলিশ দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা থেকে ঘটনাস্থল প্রায় ১৩ কিলোমিটার। আমরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁরা সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেবেন। আমরা চুরির ঘটনা তদন্ত শুরু করেছি।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৯ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে