
ঠাকুরগাঁওয়ের সদর, ভূল্লী ও রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর একজন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ জানায়, শহরের একটি ভাড়া বাসা থেকে নুসরাত জাহান ইতি (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের ভাষ্য, চাকরির সন্ধানে প্রায় পাঁচ মাস আগে তিনি ঠাকুরগাঁও শহরে একটি ভাড়া বাসায় ওঠেন। ১৭ জুন পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এর পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
নিহত তরুণীর স্বজনেরা জানান, ১৯ জুন ইতির এক বান্ধবী ফোন করে জানান যে, দুই দিন ধরে তিনি কক্ষ থেকে বের হচ্ছেন না এবং ফোনও রিসিভ করছেন না। পরে স্বজনেরা ভাড়া বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাঁকে ওড়না দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের দাবি, দীর্ঘদিন চাকরি না পাওয়ায় তিনি মানসিক চাপে ছিলেন। এই ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে তাঁরা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন।
অন্যদিকে ভূল্লী থানার কচুবাড়ি এলাকায় মাহাবুর রহমান (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি দুই সন্তানের জনক।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এতে আর্থিক ক্ষতির কারণে পরিবারে অস্থিরতা সৃষ্টি হয়েছিল।
নিহত ব্যক্তির বাবা হারুন অর রশিদ পুলিশকে জানান, শনিবার গভীর রাতে মাহাবুর রহমান বমি ও তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি স্বজনদের জানান, রাতে তিনটি ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৬টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।
এদিকে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামে নাসির উদ্দিন (৬৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও সুস্থ হননি।
স্বজনদের ভাষ্য, শনিবার রাতে তাঁকে খাবারের জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা তাঁর কক্ষে প্রবেশ করেন। সেখানে তাঁকে ঘরের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মরদেহ নামানো হয়।
সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, তিনটি ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ময়মনসিংহের নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বারমাইল থেকে ঈশ্বরদীর দাদাপুর চরে যাওয়ার পথে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশী গ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক গাড়িচালকের দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
২১ মিনিট আগে