সাবেক স্ত্রীর নতুন স্বামীকে মারধর, জুতার মালা পরিয়ে ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগ

তালাক দেওয়ার প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্ত্রীর সাবেক স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
আজ রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন কামরুন আক্তার।
সংবাদ সম্মেলনে কামরুন জানান, উপজেলার পটুয়াপাড়া গ্রামের আনারুলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ওই সংসারে তাঁদের দুই ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে সাত-আট মাস আগে তিনি আনারুলকে তালাক দেন। এরপর প্রায় পাঁচ মাস আগে নাকাটি শহীদ আব্দুল জব্বার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈবর রহমানকে বিয়ে করেন। বর্তমানে বড় ছেলে কাউসার তাঁর সঙ্গে থাকলেও ছোট ছেলে আব্দুল্লাহ আগের স্বামীর বাড়িতে থাকে।
কামরুনের অভিযোগ, গতকাল শনিবার সন্ধ্যায় স্বামী তৈবর ও বড় ছেলেকে নিয়ে ছোট ছেলেকে দেখতে আনারুলের বাড়িতে যান তিনি। এ সময় আনারুল ও তাঁর লোকজন তাঁদের আটকে মারধর করেন। কেড়ে নেওয়া হয় মোটরসাইকেল ও মোবাইল ফোনও। একপর্যায়ে তৈবরের গলায় জুতার মালা পরিয়ে তাঁকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ তুলে ভিডিও ধারণ করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে ধারণ করা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলে দাবি করেন কামরুন। তাঁর অভিযোগ, আগের স্বামীকে তালাক দেওয়ার প্রতিশোধ নিতেই তাঁদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিচার এবং কেড়ে নেওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে কামরুনের মা বিলকিস বেগম, ভাই টিটু, স্বামী তৈবর রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করেছে। তাঁরা আইনগত সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।









