Ajker Patrika

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় দুই গ্রামের মানুষ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় দুই গ্রামের মানুষ
কালভার্টটির মাঝে বড় গর্ত। রাণীশংকৈল উপজেলার শিদলি-ক্লাবমোড়-চড়োল পাড়া সড়কে কালভার্টটির অবস্থান। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের শিদলি-ক্লাবমোড়-চড়োল পাড়া সড়কের একটি কালভার্ট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কালভার্টটির মাঝে বড় গর্ত হয়ে আস্তর খসে পড়ে রড বেরিয়ে গেছে। এতে যেকোনো সময় কালভার্টটি ধসে পড়ে দুই গ্রামের মানুষের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নের শিদলি থেকে ক্লাবমোড় ও চড়োল পাড়ায় যাতায়াতের সড়কের মাঝামাঝি স্থানে কালভার্টটির অবস্থান। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এর মাঝ অংশে গর্তের সৃষ্টি হয়েছে। আস্তর খসে পড়ায় রড বেরিয়ে গেছে। নিচের মাটি দেখা যাচ্ছে। ফলে কালভার্টটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।

এ অবস্থায় হেঁটে চলাচল করতে পারলেও ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, এই কালভার্ট দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ চলাচল করেন। বিশেষ করে কৃষিপণ্য উপজেলা সদরের বাজারে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। বর্তমানে আমন ধান কেটে বাড়িতে নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন অনেকে। বাধ্য হয়ে বিকল্প পথে অনেক দূর ঘুরে কৃষিপণ্য পরিবহন করতে হচ্ছে।

তাঁদের আশঙ্কা, দ্রুত কালভার্টটি সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা না হলে ভারী যানবাহনের চাপে অথবা বর্ষা মৌসুমে এটি পুরোপুরি ধসে পড়তে পারে। এতে দুই গ্রামের মানুষের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হবে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীরসহ অনেকে বলেন, শিদলি হয়ে ক্লাবমোড়, চড়োল পাড়া দিয়ে রাউতনগর বাজারে যাওয়ার এটিই গুরুত্বপূর্ণ সড়ক। শিদলি ও ক্লাবমোড়ের মাঝামাঝি স্থানে থাকা কালভার্টটির পাটাতনের আস্তর খসে রড বেরিয়ে গেছে। এটি এখন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত কালভার্টটি সংস্কার বা পুনর্নির্মাণ করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন, শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত কালভার্টটির সমস্যা সমাধান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত