চুলের খোঁপায় ১০ ইয়াবা, ভাইয়ের পকেটে আরও ১২

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ভাই-বোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে মোট ২২টি ইয়াবা ও ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারীর চুলের খোঁপায় লুকানো ছিল ১০টি ইয়াবা।
গতকাল শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড বাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল রানা (৩২) ও তাঁর বোন মোছা. বাবলি (২৬)। তাঁদের বাড়ি সদর উপজেলার হরিহরপুর হাজীপাড়া এলাকায়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রোড বাজার রেলগেটের পশ্চিম পাশে একটি চায়ের দোকানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন ওই ভাই-বোন। পরে রাত সোয়া ১০টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। রাত ১০টা ৪০ মিনিটে তাঁদের আটক করা হয়।
তল্লাশির সময় রুবেল রানার পরনের প্যান্টের ডান পকেট থেকে ১২টি ইয়াবা এবং বাম পকেট থেকে ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে, নারী পুলিশ সদস্যের সহায়তায় বাবলির দেহ তল্লাশি করে তাঁর চুলের খোঁপায় কাঁকড়া দিয়ে আটকানো নীল রঙের জিপার পলিথিনের প্যাকেট থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, রুবেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও একাধিক মামলা রয়েছে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থায় (সিডিএমএস) তাঁর বিরুদ্ধে ২০২২ সালে ঠাকুরগাঁও সদর থানায় এবং ২০২৪ সালে বালিয়াডাঙ্গী থানায় করা দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২২ সালের মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন এবং ২০২৪ সালের মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এজাহারে তাঁর বিরুদ্ধে মোট ১১টি মামলার কথা উল্লেখ করা হলেও বাকি মামলাগুলোর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসূল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ভাই-বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









