Ajker Patrika

বিএসএফের গুলিতে নিহত আসাদুলের মরদেহ ফিরল ৪০ ঘণ্টা পর

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪১
বিএসএফের গুলিতে নিহত আসাদুলের মরদেহ ফিরল ৪০ ঘণ্টা পর
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হকের (৩৮) মরদেহ ফেরত দেওয়া হয়েছে। প্রায় ৪০ ঘণ্টা পর গতকাল রোববার রাত ৮টার দিকে দানাজপুর সীমান্তের পিলারসংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ফেরত দেয় বিএসএফ।

আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান।

মরদেহ হস্তান্তরের সময় পীরগঞ্জ থানা-পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানা-পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদ আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আসাদুল।

বিজিবি, স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে চান্দেরহাট বিওপির ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে আইয়ুব আলীর নেতৃত্বে চার বাংলাদেশি ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আসাদুল হক, মোস্তাকিম (৩২) ও উদা রায় (৩৪) আহত হন।

বিএসএফ সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুলের মৃত্যু হয়। ঘটনার পর আয়ুব আলী নিখোঁজ রয়েছেন। আহত মোস্তাকিম ও উদা রায়কে চিকিৎসা শেষে রায়গঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে হতাহত সবাই তাঁর এলাকার বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমে মৃত্যুর খবর প্রকাশের পর স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে গুলির ঘটনার পর বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠক করা হয়। বৈঠকে বিএসএফ একজন নিহত এবং দুজনকে আটক করার কথা জানায়। পরে টানা তিন দফা আলোচনা ও পতাকা বৈঠকের পর রোববার রাতে আসাদুলের মরদেহ হস্তান্তর করা হয়।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আসাদুল হকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত