সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক

ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা পর্নোগ্রাফি মামলায় মো. খালিদ পারভেজ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার এসআরবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-২, এসআরবি-৩, মগবাজারের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। গত ১৬ জুন খালিদ ওই নারীকে না জানিয়ে তালাক দেন। তবে তালাকের পরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দেন খালিদ। একপর্যায়ে ১৯ জুন নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেন।
এসআরবি জানায়, এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর খালিদ পারভেজকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।









