Ajker Patrika

বিসিআইসি সার ডিলার নিয়োগে রাণীশংকৈলে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
বিসিআইসি সার ডিলার নিয়োগে রাণীশংকৈলে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন
ডিলারশিপ পাওয়া রনি ট্রেডার্সের গুদাম ঘর। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম ও শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে সদ্য নিয়োগপ্রাপ্ত নন্দুয়ার ইউনিয়নের ডিলার রবিউল ইসলাম রনির বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একই ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা সাদিয়া নাসরিন। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাসেদুল ইসলামের মেয়ে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, বর্তমান সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয়ভাবে ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। পরবর্তী সময়ে রাণীশংকৈল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও গোলাম রব্বানী সরদারের স্বাক্ষরে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে আবেদনকারীর নামের তালিকা জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়।

ওই তালিকায় নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট এলাকার হাসমত আলীর ছেলে মেসার্স রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রনির নাম রয়েছে। অভিযোগকারীর দাবি, রনি ট্রেডার্স উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত খুচরা সার বিক্রেতা।

জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারী কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য খুচরা সার বিক্রেতা হলে তিনি ডিলার নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন। অভিযোগকারীর দাবি, এই শর্ত থাকা সত্ত্বেও খুচরা সার বিক্রেতা রবিউল ইসলাম ডিলারশিপ পেয়েছেন।

সরেজমিনে দেখা যায়, নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট বাজারে সড়কের পাশে অবস্থিত রনি ট্রেডার্সে খুচরা সার বিক্রি করছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আল মামুন। সেখানে সার ছাড়াও ফিড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। এ সময় তিনি পাশের একটি গুদাম দেখিয়ে বলেন, সেখানে আপাতত সিমেন্ট ও ফিড রাখা আছে। এগুলো সরিয়ে সেখানে সার রাখা হতে পারে। তাঁদের অন্য কোনো গুদাম নেই বলেও জানান তিনি।

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রবিউল ইসলাম প্রথমে খুচরা সার বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে তাঁর দোকানে খুচরা সার বিক্রি হচ্ছে—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এলাকার বিসিআইসি সার ডিলার মণ্ডল এন্টারপ্রাইজের কাছ থেকে সার নিয়ে তিনি বিক্রি করেন।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমানের স্বাক্ষরিত খুচরা সার বিক্রেতাদের তালিকায় রবিউল ইসলামের নাম পাওয়া গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, তিনি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব হলেও ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করার বিষয়ে সভাপতি ইউএনও গোলাম রব্বানী সরদার তাঁর সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করেননি। ইউএনও নিজের সিদ্ধান্তে কাজ করেছেন। এ কারণে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।

এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানী সরদার কথা বলতে রাজি হননি।

অন্যদিকে ঠাকুরগাঁও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত