টাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জন

টাঙ্গাইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে ভূঞাপুরের অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সাতজন শিক্ষকের এ প্রতিষ্ঠানের সেই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। গতকাল শনিবার রাতে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষাবিদদের মতে, শিক্ষা কর্মকর্তাদের তদারকির অভাব, শিক্ষকদের অবহেলা এবং নিয়মিত ক্লাস না হওয়ার কারণে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছেন।
শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো গোপালপুরের খন্দকার আসাদুজ্জামান একাডেমি, শিমলা পাবলিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সখীপুরের সূর্য তরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল অ্যান্ড কলেজ, ভূঞাপুরের অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নাগরপুরের ইসলামাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খন্দকার আসাদুজ্জামান একাডেমি থেকে সাতজন, শিমলা পাবলিক উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে একজন, গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন, সূর্য তরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন, অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন এবং ইসলামাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা থেকে সাতজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের কেউই পাস করতে পারেননি।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, টাঙ্গাইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৬৬ জন। মোট ২৯ হাজার ৮৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ১৬ জন। এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৪৯ দশমিক ৬২ শতাংশ, আলিমে ৫৬ দশমিক ২৯ শতাংশ, এইচএসসি (বিএম) পরীক্ষায় ৫৫ দশমিক ৭৩ শতাংশ এবং এইচএসসি (ভোক) পরীক্ষায় ৪৯ দশমিক ৬৫ শতাংশ।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার একাংশের সভাপতি আব্দুল কাদের বলেন, শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার দায় শিক্ষকেরা এড়াতে পারেন না। এ দায় তাঁদের নিতে হবে। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সরকারের তদারকি বাড়াতে হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ডেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তাঁদের লিখিত জবাব পাওয়ার পর প্রচলিত বিধি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।








