সিলেট সীমান্তে দুই ভারতীয় আটক, তল্লাশিতে মিলল অস্ত্র-গুলি

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এয়ারগান, গুলি ও অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বুধবার দুপুরে উপজেলার মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। আটকেরা ভারতের নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।
বিজিবি জানায়, বুধবার বেলা দেড়টার দিকে সীমান্তের ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এস পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ওই দুই যুবক বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
পরে তাঁদের তল্লাশি করে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।









