পাঁচ দফা দাবি আদায়ে ১৬ নভেম্বর থেকে সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট

পাঁচ দফা দাবি বাস্তবায়নে ১৫ নভেম্বরের মধ্যে পদক্ষেপ না নিলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক নেতারা। আজ সোমবার দুপুরে দক্ষিণ সুরমার চণ্ডীপুলের একটি কমিউনিটি সেন্টারে মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (৭০৭) সভাপতি জাকারিয়া আহমদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ধর্মঘটের ঘোষণা দেন।
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ সমাবেশের আয়োজন করে।
জাকারিয়া আহমদ বলেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান জাকারিয়া আহমদ। তিনি অভিযোগ করেন, প্রশাসন পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন শুরু করেছে। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
জাকারিয়া আহমদ বলেন, একজন চালক সারাদিন গাড়ি চালিয়ে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা আয় করলেও পুলিশ একটি মামলায় ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করছে। হয়রানি বন্ধ ও দাবি মানা না হলে শ্রমিকেরা রাজপথে নামতে বাধ্য হবেন বলেও উল্লেখ করেন তিনি।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ; জেলা ও নগরীতে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা; সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া এবং পুলিশ ডিউটি পালনকালে জ্বালানি ও চালকের খোরাকি দেওয়া।
দাবির অন্য দুটি হলো জেলা ও নগরীতে অটোরিকশার পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা এবং ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা, ট্রাফিক কর্মকর্তার হয়রানি ও বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধ করা।
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন রাজা আহমদ ও এম বরকত আলী।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ এবং চালক জোটের কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ।
সমাবেশে আরও বক্তব্য দেন সুন্দর আলী খান, শাহাবুদ্দিন আহমদ, ইকবাল হোসেন, জামিল আহমদ লিটন, বদরুল ইসলাম খোকন, মোহাম্মদ আলী, আব্দুল মন্নান, কাওছার আহমদ, জমির উদ্দিন, সবুজ মিয়া, আলতাফ আহমদ চৌধুরী, লিটন আহমদ, রফিক মিয়া, মকবুল হোসেন, ফুল মিয়া, জিলু মিয়া, সুজন মিয়া, সেবুল আহমদ, আব্দুল জলিল, সিতাব আলী, মো. রাইমুল ইসলাম, দেলোয়ার হোসেন, রাসেল আহমদ, নুর ইসলাম, নেছার আহমদ, আলী হোসেন ও শেখ বাবুল প্রমুখ।









