চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা-সম্পাদক মুকেশ

দীর্ঘ ৮ বছর বিরতির পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও, ২৩০টি চা-বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালি কমিটি নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
আজ রোববার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এ ফল নিশ্চিত করেছেন।
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের অন্যতম শ্রমিক নেতা রাজু গোয়ালা (কাপ-পিরিচ প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।
এ ছাড়া মৌলভীবাজার জেলার ১৩৫টি বাগানসহ সারা দেশের ২৩০টি চা-বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাঁদের এই জয়, সাধারণ চা-শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।









