সিলেটে হোটেল থেকে বদির ছেলে, ভাইসহ চারজন আটক

সিলেট নগরের জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে, ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী হোটেলের নিচে অবস্থান নেন।
অভিযান শেষে চারজনকে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের গাড়িতে ওঠার সময় বদির ছেলে শাওন ‘নেত্রী ফিরবে’ বলে স্লোগান দেন।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিরা সিলেট ভ্রমণের কথা বলে মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার পুলিশের একটি ইউনিটের চাহিদার পরিপ্রেক্ষিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে।
সাইফুল ইসলাম বলেন, ‘তাঁরা বলছেন, তাঁরা এখানে ঘুরতে এসেছেন। কিন্তু কক্সবাজারে তাঁদের নামে বেশ কয়েকটি মামলা থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।’









