সুনামগঞ্জ সদর হাসপাতাল

সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীরা প্রায়ই অভিযোগ করেন, আউটডোরে বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা মেলে না। চিকিৎসক এলেও চেম্বারে বসেন বেলা ১টার পর। খোঁজ নিয়ে জানা গেছে, এ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই নিয়মিত হাসপাতালে আসেন না। যাঁরা হাসপাতালে আসেন, অফিস শুরুর সময় তাঁরা বায়োমেট্রিক ফিঙ্গার মেশিনে পাঞ্চ করলেও হাসপাতাল ছাড়ার সময় পাঞ্চ করেন না। ফলে হাসপাতাল ছাড়ার সময়ের রেকর্ড থাকছে না।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করেন। কিন্তু বায়োমেট্রিক মেশিনে সমস্যার কারণে অনুপস্থিতির সংখ্যা বেশি।
গত সপ্তাহের রোববার ও সোমবার হাসপাতালের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতির প্রমাণপত্র এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা গেছে, ১৮৬ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে গত রোববার উপস্থিত ছিলেন ১২৩ জন, অনুপস্থিত ৬২ জন। ছুটিতে ছিলেন একজন। গড় উপস্থিতির হার ৬৬ ভাগ। পরদিন সোমবার উপস্থিত ছিলেন ৮৩ জন, অনুপস্থিত ১০২ জন। এদিনও একজন ছুটিতে ছিলেন। গড় উপস্থিতি ছিল ৪৫ ভাগ।
উপস্থিতি প্রতিবেদন ঘেঁটে দেখা যায়, সোমবার ২৮ চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ৯ জন। অনুপস্থিত ছিলেন ১৯ জন। তাঁদের মধ্যে রয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. বিপুল চন্দ্র ঘোষ, ডা. সর্বানী বিশ্বাস, ডা. আশুতোষ সিংহ, জুনিয়র কনসালট্যান্ট ডা. এ এস এম বদরুল ইসলাম, ডা. লিপিকা দাস, ডা. লোপা রানী সরকার, ডা. মোহাম্মদ আলী, ডা. সুমন রায় চৌধুরী, ডা. অলক কুমার সাহা, ডা. চিন্ময় সাহা পোদ্দার, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার, ডা. মো. মিসবাহ উদ্দিন, ডা. মো. নিরুপম রায় চৌধুরী, ডা. মোহাম্মদ আলী আশরাফ সোহাগ, ডা. তৌকির আহমেদ ও ডা. মোহাম্মদ রেজাউল কবির।
হাসপাতালে নার্স রয়েছেন ১২৭ জন। এর মধ্যে সোমবার উপস্থিত ছিলেন ৫২ জন। ৭৫ জনই অনুপস্থিত।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের দ্বিতীয় তলার আউটডোরে চিকিৎসকের জন্য অপেক্ষা করছিলেন পৌর শহরের ওয়েজখালীর বাসিন্দা মো. মুজিবুর মিয়া। তিনি বলেন, ‘প্রতিটি রুমের সামনে রোগীরা বসে আছেন সকাল ১০টা থেকে। এখন বাজে দুপুর সাড়ে ১২টা। কোনো চিকিৎসক আসেননি।’
এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ডা. বিষ্ণু প্রসাদ চন্দ বলেন, হাসপাতালে ৫২ ভাগ চিকিৎসকের পদ শূন্য। এ ছাড়াও পুরো হাসপাতালের প্রায় ৫৭ ভাগ জনবলের পদ খালি। সকালে বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখেন। এ জন্য আউটডোরে যেতে বিলম্ব হয়।
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান বলেন, ‘অনুপস্থিতি নিয়ে যে অভিযোগ, সেটি নতুন নয়। তবে আমাদের দুর্ভাগ্য হলো পরিস্থিতির উন্নতি হচ্ছে না। কেউ কেউ ভালো করছেন, আবার অনেকের অবহেলা আছে। এটি নিশ্চিত করতে না পারা হাসপাতাল কর্তৃপক্ষের প্রশাসনিক দুর্বলতা।’
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন বলেন, ‘সুনামগঞ্জে চিকিৎসকের সংকট রয়েছে। যাঁরা আছেন, তাঁদের অনেকে অনিয়মিত। হাসপাতালের তত্ত্বাবধায়ক নিজেও নিয়মিত অফিসে আসেন না। তাহলে সবাইকে দেখভাল করবেন কীভাবে?’
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ‘কিছুদিন বায়োমেট্রিক মেশিন নষ্ট ছিল। বিদ্যুৎ না থাকলে ফিঙ্গার দেওয়া যায় না। অনেকেই হাসপাতালে আসেন, তবে বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গার দেন না। আগামীতে আসা-যাওয়ার সময় বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গার দেওয়া বাধ্যতামূলক করা হবে।’

ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগের জেরে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন ডিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
১০ মিনিট আগে
আজ মঙ্গলবার ভোরে কলমিলতা দোতলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে বড়দের বিরোধের জেরে গত সাড়ে চার মাসে ছয় শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। পারিবারিক ও দুপক্ষের সংঘাতের মাঝখানে পড়ে এসব শিশু নিহত হয় বলে জানা গেছে। তবে এসব হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি ধীরগতির হওয়ায় হতাশা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
৬ ঘণ্টা আগে
খুলনায় প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট নানা কারণে সারা বছরই স্থায়ী-অস্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে ফসলের খেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক জরিপে এই জলাবদ্ধতার পেছনে ১৫টি কারণ উঠে এসেছে। ওই প্রতিবেদনে জেলার আটটি উপজেলায় বছরে ১০ হাজার হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়ে বলে উল্লেখ করা হয়।
৭ ঘণ্টা আগে