Ajker Patrika

সিলেটে জুলাই মাসে সড়কে ঝরেছে ৩১ প্রাণ, ১৩ জনই মোটরসাইকেল দুর্ঘটনায়

সিলেট প্রতিনিধি
সিলেটে জুলাই মাসে সড়কে ঝরেছে ৩১ প্রাণ, ১৩ জনই মোটরসাইকেল দুর্ঘটনায়
প্রতীকী ছবি

চলতি বছর জুন মাস থেকে জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এরমধ্যে নিহত ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি কর্তৃক প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে জুলাই মাসের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, জুলাই মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত, সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৪ জন আহত, মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত এবং হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

নিসচা সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

উল্লেখ্য, জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত