Ajker Patrika

এক বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেট প্রতিনিধি ও গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
এক বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক শাহরিয়ার। ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের ভেতর থেকে তাঁকে আটক করে বিএসএফ সদস্যরা।

আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর আনতে গিয়ে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে চলে আসলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

এদিকে, শাহরিয়ারের বাবা মনির মিয়া সাংবাদিকদের জানান, তাঁর ছেলে কানে কম শোনেন। শনিবার সকালে তাঁকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সে দোকানে না গিয়ে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাঁকে আটক করেছে। শাহরিয়ারকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত