
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের প্রার্থী পুলিশের আইজির ভাইয়ের পক্ষে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী কাজ করছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও এমপি জয়া সেনগুপ্তা। আজ সোমবার আজকের পত্রিকার কাছে তিনি এই অভিযোগ করেন।
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গতকাল রোববার নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের কাছে এই কথা জানিয়েছি। দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের (আল আমিন চৌধুরী) পক্ষে কাজ করছেন এবং তিনি নিজেকে ওই এমপি প্রার্থীর আত্মীয় পরিচয় দিচ্ছেন। ওসি আওয়ামী লীগ নেতাদের বিএনপি নেতা-কর্মী বানিয়ে তাঁদের বাড়িতে অভিযান চালাচ্ছেন। তিনি ইতিমধ্যে আমার সমর্থক জগদল ইউনিয়নের কলিয়ার কাপনের ইউপি সদস্য মো. রুমেন ও কালধর গ্রামের আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়েছেন। অথচ তাঁদের নামে থানায় কোনো মামলা নেই।’
তবে এ অভিযোগ অস্বীকার করে দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি কারওর পক্ষে কাজ করছি না। আমি এখানে কাজ করতে এসেছি। এখানে আমার কেউ আত্মীয়ও নন। তিনি পক্ষপাতিত্বের যে অভিযোগ দিয়েছেন, সেটি মিথ্যা।’
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযানের ব্যাপারে ওসি বলেন, ‘নিয়মিত রুটিন কাজ হিসেবে আমরা নাশকতা পরিকল্পনাকারী এবং মামলার আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি।’
জয়া সেনগুপ্তার অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমি আইজিপির ভাই হয়ে নির্বাচন করছি, সেটা অনেকের পছন্দ হচ্ছে না। তাই মিথ্যা অভিযোগ দিয়ে মানুষকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। এখানে আমার পক্ষে কোনো কর্মকর্তাকে কাজ করতে হবে না। কারণ আমার ভাই যখন ডিআইজি ছিলেন, সেই সময়ও আমি নির্বাচন করেছিলাম। তখন কেউ আমাকে কিছু বলেনি। কিন্তু এবার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন, সে জন্য অনেকের সেটি সহ্য হচ্ছে না।’
গত ৭ ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে দিরাই থানায় বদলি করা হয়।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে