
সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাতে ইতিমধ্যে সুনামগঞ্জ পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সীমান্ত নদী জাদুকাটার পানি বেড়ে যাওয়ায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলে পাহাড়ি ঢলের পানি ঢুকতে শুরু করেছে।
অব্যাহত বর্ষণ আর ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
এদিকে গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ রোববার বেলা ৩টা পর্যন্ত সুনামগঞ্জে ৩৩২ মিলিমিটার ও ভারতের চেরাপুঞ্জিতে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্ট আবাসিক এলাকার বাসিন্দা মনোয়ার আহমদ বলেন, ‘গত বছরের মতো বন্যার ভয়ে এবার পানি আসার সঙ্গে সঙ্গে আমরা ঘরের আসবাব ওপরে তুলে ফেলেছি।’
পৌর শহরের পশ্চিম হাজীপাড়ায় বাসিন্দা শুভরাজ বলেন, ‘সকালে হঠাৎ দেখি রাস্তায় পানি। এরপরে আস্তে আস্তে ঘরের সামনে। এই অবস্থা চলতে থাকলে ঘরের ভেতর পানি উঠতে সময় লাগবে না।’
শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা ঝরনা বেগম বলেন, ‘গত বছরের বন্যায় মানুষের এত কষ্ট এখনো আমরা ভুলতে পারিনি। এর মধ্যে এবার আবার পানি চলে এসেছে। খুবই আতঙ্কের মধ্যে আছি।’
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ পাউবোর প্রকৌশলী মামুন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস রয়েছে, সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাতে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বাড়তে পারে।’
চারদিকে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কায় আজ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে জরুরি সভায় জেলা পর্যায়ের সব কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করবে, তাদের বসতভিটার নিরাপত্তার জন্য পুলিশ কাজ করবে।
এ সময় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ইতিমধ্যে জেলার ১২টি উপজেলায় চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে। এলাকা বন্যাকবলিত হলে লোকজনকে আশ্রয়কেন্দ্র যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, জেলার সব বিদ্যালয় ও কলেজকে বন্যা আশ্রয়কেন্দ্র করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে