Ajker Patrika

সুনামগঞ্জে দুই শিশুসন্তানকে হত্যা করে হাওরে ফেলে দেন বাবা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৯: ২৯
সুনামগঞ্জে দুই শিশুসন্তানকে হত্যা করে হাওরে ফেলে দেন বাবা
দুই সন্তানসহ কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে হত্যার পর হাওরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বাবা কামরুল ইসলাম।

আজ বুধবার ও গতকাল মঙ্গলবার হাওরে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

কামরুল ইসলাম দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। হত্যার শিকার হওয়া দুই শিশু হচ্ছে মুহাদ্দিস (৭) ও তুলনা (৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত শুক্রবার চার সন্তানের মধ্যে বড় দুই সন্তানকে নিয়ে সিলেটে চলে যান বাবা কামরুল ইসলাম। সিলেটে দুই দিন থাকার পর গত রোববার রাতে সুনামগঞ্জে ফেরার পথে পৃথকভাবে দুই সন্তানকে হত্যা করা হয়।

প্রথমে শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় ছোট মেয়ে তুলনা এবং পরে সদর উপজেলার মদনপুর পয়েন্টে বড় ছেলে মুহাদ্দিসকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে হাওরে ফেলে দেন বাবা।

গতকাল মঙ্গলবার তুলনা এবং আজ বুধবার মুহাদ্দিসের মরদেহ হাওরে ভেসে উঠলে পুলিশ দুই মৃতদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দেখার হাওরের দুই জায়গা থেকে শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর থানা-পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। কামরুল ইসলাম পুলিশের কাছে দুই সন্তানকে হত্যা করে হাওরে ফেলে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তিনি আরও বলেন, আজ বুধবার দুপুরের দিকে কামরুল ইসলামকে তার বাড়ি পেরুয়া মধুপুর থেকে আটক করা হয়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত