Ajker Patrika

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত
সংঘর্ষের সময় এক ব্যক্তির মাথায় টেঁটা বিদ্ধ হয়। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ২৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমজোড়া গ্রামের বাসিন্দা জাকিরুল আজাদ মান্নার সঙ্গে তাঁর ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর দীর্ঘদিন ধরে সম্পত্তি ও খাসজমির দখল নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধের জেরে এর আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ আমজোড়া ও জলুসা গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হন। তাঁদের মধ্যে প্রায় ২৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আহত ব্যক্তিদের প্রথমে নেত্রকোনার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এর আগেও তাঁরা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন। শনিবারের সংঘর্ষেও বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত