
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলের পতাকা ও ব্যানারে ঘরবাড়ি সাজানোর দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার সেই উন্মাদনাকে এক ভিন্ন মাত্রা দিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম। নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে তিনি পুরো একটি যাত্রীবাহী বাস সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে।
নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে স্থান পেয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বিশাল প্রতিকৃতি। দূর থেকে দেখলে মনে হয়, যেন আর্জেন্টিনার জার্সির নকশায় তৈরি করা হয়েছে বাসটি। তবে দেশের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে বাসটির মাঝামাঝি অংশে বাংলাদেশের পতাকা এঁকে বড় করে লেখা হয়েছে—‘সবার আগে বাংলাদেশ।’
ব্যতিক্রমী এই উদ্যোগ ইতিমধ্যে নালিতাবাড়ীসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাসটি সড়কে নামার পর থেকেই পথচারী, যাত্রী ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি কাড়ছে। অনেকেই বাসটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাকসিম ট্রাভেলসের এই বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে রাজধানীর মহাখালীর উদ্দেশে ছেড়ে যায় এবং রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর উদ্দেশে যাত্রা করে। প্রথমবারের মতো কোনো যাত্রীবাহী বাসকে পুরোপুরি একটি ফুটবল দলের রঙে সাজানো হওয়ায় সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
আর্জেন্টিনার সমর্থক সামাউন ইসলাম বলেন, ‘পছন্দের দলের পতাকা লাগানো বা বাড়িঘর রং করার ঘটনা প্রায়ই দেখা যায়। কিন্তু পুরো একটি বাসকে আর্জেন্টিনার রঙে সাজানো এই প্রথম দেখলাম। বিষয়টি সত্যিই দারুণ লেগেছে। আমরা বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছি, সুযোগ পেলেই এই বাসেই যাতায়াত করব।’
আর্জেন্টিনার আরেক সমর্থক বিপ্লব দে কেটু বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। জীবনে অনেক ধরনের সমর্থন দেখেছি, কিন্তু এলাকার একটি বাসকে এভাবে আর্জেন্টিনার রঙে রাঙাতে আগে দেখিনি। বাসে মেসির ছবি দেখে মনটা ভরে গেছে।’
জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, ‘বিশ্বকাপের আগমনী বার্তায় যখন ফুটবলপ্রেমীরা নিজেদের মতো করে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত, তখন নালিতাবাড়ীর এই আর্জেন্টিনা-থিমের বাসটি হয়ে উঠেছে স্থানীয়দের কাছে এক নতুন আকর্ষণ এবং ফুটবল উন্মাদনার অনন্য প্রতীক। যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।’’
বাসটির স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ফুটবল উৎসবের আমেজ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছি। বাসটি সড়কে নামানোর পর থেকে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস লক্ষ করছি।’ তিনি আরও বলেন, ‘ফুটবল মানুষকে এক করে। দল ভিন্ন হতে পারে, কিন্তু খেলাধুলার আনন্দ সবার জন্য। তাই আর্জেন্টিনার রঙে বাস সাজালেও বাংলাদেশের পতাকাকে গুরুত্ব দিয়ে “সবার আগে বাংলাদেশ” লিখেছি।’

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২৬ মিনিট আগে
বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
সিরাজগঞ্জের কাজীপুরে প্রায় ৩৬ বছর আগে বিক্রীত একটি ফসলি জমি পুনরায় দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বগুড়ার ধুনট উপজেলার মোজাম খা কাজীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
৩৮ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই লেকে পানি স্বল্পতার কারণে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিক) বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র দুটি ইউনিট চালু রয়েছে, বাকি তিনটি ইউনিট বন্ধ রয়েছে। বর্তমানে এ দুটি ইউনিট থেকে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে...
১ ঘণ্টা আগে