Ajker Patrika

অব্যবস্থাপনায় আকর্ষণ হারাচ্ছে ইকোপার্ক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
অব্যবস্থাপনায় আকর্ষণ হারাচ্ছে ইকোপার্ক
অযত্ন-অবহেলায় মৎস্যকন্যা ভাস্কর্যের সৌন্দর্য নষ্ট হচ্ছে। সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে। ছবি: আজকের পত্রিকা

পাহাড়, বন আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক। ৩৮৩ একর আয়তনের এই পর্যটনকেন্দ্রে একসময় প্রতিদিনই ভিড় করতেন বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। তবে সময়ের সঙ্গে বাড়েনি পার্কটির সুযোগ-সুবিধা। বরং অব্যবস্থাপনা, জরাজীর্ণ অবকাঠামো, বিনোদনসুবিধার অভাব ও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে ক্রমেই আকর্ষণ হারাচ্ছে পার্কটি। এর ফলে দিন দিন পার্কে পর্যটকের উপস্থিতি কমছে। পর্যটক কমে যাওয়ায় লোকসান গুনছেন পার্কের ইজারাদার। একই সঙ্গে মন্দা দেখা দিয়েছে পার্ককেন্দ্রিক স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত মধুটিলা ইকোপার্কটি নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা পোড়াগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে লেক, শিশুপার্ক ও পিকনিক স্পট। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্থাপনার অনেকটাই এখন বেহাল। প্রবেশমূল্য ৫০ টাকা দিয়ে ইকোপার্কে ঢুকে প্রত্যাশিত বিনোদন ও সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ করছেন দর্শনার্থীরা। অন্যদিকে বারবার দরপত্র আহ্বান করেও কাঙ্ক্ষিত ইজারাদার পাচ্ছে না বন বিভাগ।

সম্প্রতি পার্কে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে খনন ও পরিষ্কার না করায় লেকের পানি অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। শিশুপার্কে নেই পর্যাপ্ত রাইড। ১০টি পিকনিক স্পটের বেশির ভাগই সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পুরো পার্কে শৌচাগার রয়েছে মাত্র দুটি। নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা। এর সঙ্গে অপরিচ্ছন্ন সিঁড়ি ও ভাঙাচোরা সড়ক দর্শনার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে। পার্কজুড়ে হাতি, মৎস্যকুমারীসহ বিভিন্ন ভাস্কর্য আছে। কিন্তু সেগুলোর রং উঠে ফ্যাকাশে হয়ে গেছে।

পার্কটির নিরাপত্তা ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও রয়েছে নানা সমস্যা। এর মধ্যে অন্যতম বন্য হাতির বিচরণ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সীমানাপ্রাচীর না থাকায় প্রায়ই হাতি পার্কের ভেতরে ঢুকে দোকানপাট ও মালামাল নষ্ট করে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। হাতির কারণে পর্যটকদের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে পার্কটি ৬৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। তবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইজারা ও পরিচালনা নিয়ে জটিলতা দেখা দেয়। পরে ২৮ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হলেও কাঙ্ক্ষিত ইজারাদার পাওয়া যায়নি। এ কারণে ২ নভেম্বর পুনরায় দরপত্র আহ্বান করা হয়। ৮ নভেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এবার দুজন ইজারাদার দরপত্র জমা দিয়েছেন। বর্তমানে তাঁদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে।

সর্বশেষ ইজারাদার মো. মজিবর রহমান চৌধুরী জানান, ৬৫ লাখ টাকায় ইজারা নিয়ে ১২ মাসে অর্ধেক টাকাও তুলতে পারেননি তিনি। তিনি বলেন, আগে দৈনিক ২০০ থেকে ৩০০ পর্যটকবাহী গাড়ি ইকোটিলায় আসত। বিশেষ করে শীত মৌসুমে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে শিক্ষাসফর ও বনভোজনে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসু এখানে বেড়াতে আসত। এখন ৩০-৪০টি গাড়িও আসে না।

দর্শনার্থী আবু সাঈদ বলেন, পার্কে নতুন কোনো বিনোদনসুবিধা নেই। পুরোনো স্থাপনাগুলোরও যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এর সঙ্গে হাতির বিচরণও পর্যটকদের আগ্রহ কমিয়ে দিয়েছে। ৫০ টাকা প্রবেশমূল্য দিয়ে পার্কে ঢুকে হতাশ হয়েই ফিরতে হয়।

মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আব্দুল করিম বলেন, আগের দরপত্রে কাগজপত্রের জটিলতাসহ বিভিন্ন কারণে কাঙ্ক্ষিত ইজারাদার পাওয়া যায়নি। এবার দুজন ইজারাদার দরপত্র জমা দিয়েছেন। তাঁদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ইজারাদার চূড়ান্ত করা হবে।

ময়মনসিংহ বন বিভাগের শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, পার্কে জনবলসংকট রয়েছে। কিছু স্থাপনা সংস্কার করা হয়েছে। সীমানাপ্রাচীর নির্মাণ, লেক খননসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত