নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, শিশুসহ ৬ ভারতীয় আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার পানিহাতা মিশন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) সকালে বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন শিশু।
আটক বাকি দুজন হলেন—আবিদ মুক্তি (২৬) ও আনোয়ারা (২০)। তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি এলাকায়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









