Ajker Patrika

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের সাজা

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৮: ০৭
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের সাজা
আসামি রাইসুল হুদা ও জামিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী ওই শিশুকে অপহরণ করেন আসামিরা। পরে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তাঁরা। তবে আর্থিক অসচ্ছলতার কারণে মুক্তিপণের টাকা দিতে পারেনি শিশুটির পরিবার।

এরপর ১৫ আগস্ট জামালপুরের নারিকেলী বাজার থেকে অপহরণকারীদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। পরে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর রাইসুল হুদাকে দেখে চিনতে পারে শিশুটি। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপহরণের কথা স্বীকার করেন এবং সহযোগীদের নাম প্রকাশ করেন।

এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চার আসামিসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচারিক কার্যক্রমে বাদী, ভুক্তভোগী শিশু, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায় ঘোষণার পর আদালতে উপস্থিত দুই আসামি রাইসুল হুদা ও জামিরুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন বাবু পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত