
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভাঙনে পালেরচর ইউনিয়নের কাথুরিয়া, ফরাজীকান্দি এবং নাওডোবা ইউনিয়নের পৈলান মোল্যারকান্দি ও আলম খারকান্দি এলাকায় সাতটি দোকান নদীতে বিলীন হয়েছে। একই সঙ্গে কাথুরিয়া-মাঝিরঘাট সড়কের প্রায় ৫০ মিটার অংশ নদীগর্ভে চলে গেছে। ভাঙনের মুখে ইতিমধ্যে ২৫টি পরিবার তাদের বসতবাড়ি সরিয়ে নিয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ৩০০ পরিবারের ঘরবাড়ি।
স্থানীয়রা জানান, গত সোমবার সকালে নদীর তীরে থাকা জিও ব্যাগ তলিয়ে যেতে এবং মাটিতে বড় বড় ফাটল দেখা দিতে শুরু করে। পরে এলাকায় মাইকিং করে সবাইকে সাবধান করা হয়। এর পর থেকেই অনেকে ঘরবাড়ি, দোকানপাট ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ বসতভিটার গাছপালাও কেটে অন্যত্র নিয়ে যাচ্ছেন। বর্তমানে ভাঙন ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।
কাথুরিয়া এলাকার মুদিদোকানি রেজাউল করিম বলেন, ‘মালামালসহ আমার মুদিদোকানটি নদীতে বিলীন হয়ে গেছে। পদ্মার ভাঙনে আমি নিঃস্ব হয়ে গেলাম।’ ভ্যানচালক ইবরাহীম ঘরামী বলেন, ‘আমি একটি ঘর সরাতে পেরেছি, আরেকটি ঘর নদীতে তলিয়ে গেছে।’
পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি বলেন, ‘সাড়ে তিন বছরের বেশি সময় ধরে প্রকল্পের কাজ চলছে, জিও ব্যাগ ডাম্পিং ও ক্লক স্থাপনের কাজও হচ্ছে। এর মধ্যেই আবার ভাঙন শুরু হয়েছে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পদ্মা সেতু এলাকার নাওডোবা মাঝিরঘাট থেকে ভাটিতে জাজিরা ইউনিয়নের পাথালিয়াকান্দি পর্যন্ত পদ্মার ডান তীরে ১০ দশমিক ৬৭ কিলোমিটার এলাকায় তীর রক্ষা প্রকল্পের কাজ চলছে। ৩৯টি প্যাকেজে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০২ কোটি টাকা। ২০২৪ সালের মার্চে পূর্ব নাওডোবার জিরো পয়েন্ট থেকে পাথালিয়াকান্দি পর্যন্ত ৮ দশমিক ৬৭ কিলোমিটার অংশে কাজ শুরু হয়। ২০২৫ সালে প্রকল্পের একটি অংশে ভাঙন দেখা দেওয়ার পর মাঝিরঘাট জিরো পয়েন্ট থেকে উজানে আরও দুই কিলোমিটার এলাকা প্রকল্পের আওতায় যুক্ত করা হয়। প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।
পাউবো জানায়, প্রকল্পের প্রায় ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি অংশে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। তবে বর্ষা মৌসুমে পদ্মায় পানি ও স্রোত বেড়ে যাওয়ায় বর্তমানে স্থায়ী কাজের কিছু অংশ বন্ধ রয়েছে। পাশাপাশি প্রকল্পের জন্য নির্ধারিত কংক্রিটের ব্লক তৈরির কাজ চলছে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘প্রকল্পের ১২ নম্বর প্যাকেজ এলাকায় হঠাৎ ভাঙন শুরু হয়। খবর পাওয়ার পরপরই সেখানে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। এতে আপাতত ভাঙন বন্ধ রয়েছে।’

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
৪০ মিনিট আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারিভাবে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। ধান সংগ্রহের তালিকায় উঠেছে দরিদ্র, ভূমিহীন, দিনমজুরের নাম। অভিযোগ রয়েছে, একটি চক্র এসব নামের বিপরীতে গুদামে ধান দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। ফলে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক।
২ ঘণ্টা আগে