
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার প্রায় ২৫০ কিলোমিটার গ্রামীণ সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ, পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২৫০ কিলোমিটার সড়কের সংস্কার প্রয়োজন। এর মধ্যে গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় ৯৭টি সড়কের প্রায় ১৪৫ কিলোমিটার সংস্কারের জন্য তালিকা করে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললে প্রাক্কলন প্রস্তুত করে পর্যায়ক্রমে সংস্কারকাজ শুরু করা হবে।
সরেজমিনে দেখা গেছে, তালা ব্রিজ-জেঠুয়া-শালিকা বটতলা, জেঠুয়া-মাগুরা, মাগুরা-চাঁদকাটি, তালা সদর-মাঝিয়া-খানপুর-ঘোনা, খলিশখালী দক্ষিণপাড়া-দলুয়া, তালা সদর-বারুইহাটি, খলিলনগর-কাশিমনগর, পাটকেলঘাটা-বল ফিল্ড, আগোলঝাড়া-তেঁতুলিয়া বাজার এবং শাহাপুর বটতলা-বারুইহাটি মোড়সহ বিভিন্ন সড়কের অবস্থা নাজুক। বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে গভীর গর্ত হয়েছে। এতে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে বেহাল সড়কের কারণে কৃষিপণ্য ও মাছ পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় কৃষক ও মৎস্যচাষিরা।
মহন্দী গ্রামের রফিকুল ইসলাম নয়ন বলেন, ‘আমাদের এলাকার অধিকাংশ মানুষ মৎস্য ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। বেহাল রাস্তাঘাটের কারণে কৃষিপণ্য ও মাছ বাজারজাত করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত সড়কগুলো সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে।’
রহিম শেখ নামের এক ভ্যানচালক বলেন, ‘সড়কের অবস্থা খারাপ হওয়ায় ভ্যানে যাত্রী উঠতে চান না। ফলে আয় কমে গেছে। প্রতিনিয়ত ভ্যানের টায়ারসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। দ্রুত সড়কগুলো সংস্কার করা প্রয়োজন।’
পথচারী চিকিৎসক মিজানুর রহমান বলেন, ‘কাশিনগর সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।’
তালা উপজেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক মীর জিল্লুর রহমান বলেন, ‘বারুইহাটি, খানপুর, মোবারকপুরসহ উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত সংস্কারকাজ শুরু করা প্রয়োজন।’
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, ‘তালা উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ এখনো শুরু হয়নি। আমার ইউনিয়নের জেঠুয়া থেকে শালিকা সড়ক, শ্রীমন্দকাটি সড়ক এবং তালা ব্রিজ মোড় থেকে নেহালপুর ঋষিপাড়া পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। এ ছাড়া জেঠুয়া থেকে পাটকেলঘাটা পর্যন্ত প্রধান সড়কেও মানুষের চলাচলে দুর্ভোগ হচ্ছে।’
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, ‘উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক মেরামত ও সংস্কার প্রয়োজন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবছর গ্রামীণ সড়ক মেরামত কর্মসূচির আওতায় সর্বোচ্চ প্রায় ১০ কিলোমিটার সড়ক সংস্কার করা সম্ভব হয়। প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় সব সড়ক একসঙ্গে সংস্কার করা সম্ভব হচ্ছে না।’

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
২ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
২ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
৩ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
৩ ঘণ্টা আগে