Ajker Patrika

সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা
সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচরের একটি ঘের থেকে বাগদা চিংড়ি আহরণ করছেন জেলেরা। ছবি: আজকের পত্রিকা

‘সাদা সোনা’—খ্যাত বাগদা চিংড়ির বাম্পার উৎপাদনে সুদিন ফিরেছে সাতক্ষীরার চিংড়ি খাতে। ভালো উৎপাদন আর বাজারে সন্তোষজনক দাম পেয়ে হাসি ফুটেছে চাষিদের মুখে। তবে সম্ভাবনাময় এই খাতকে আরও এগিয়ে নিতে রোগমুক্ত পোনা নিশ্চিত করা, পিসিআর ল্যাব চালু ও চাষিদের আধুনিক প্রশিক্ষণের দাবি জানিয়েছেন তাঁরা।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাতক্ষীরার প্রধান অর্থকরী সম্পদ বাগদা চিংড়ি। জেলায় ৮৪ হাজার হেক্টর চাষযোগ্য চিংড়ির ঘেরের মধ্যে ৬২ হাজার হেক্টরে বাগদা চাষ হয়। এ বছর বাগদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার মেট্রিক টন। জেলার ১ লাখ ২ হাজার চাষি নিজস্ব জমি অথবা অন্যের জমি ইজারা নিয়ে বাগদাসহ সাদা চিংড়ি চাষ করছেন।

চাষিরা জানান, এ বছর চিংড়ির উৎপাদন ও দাম দুটিই ভালো। তবে আধুনিক পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ এবং পোনার ভাইরাস পরীক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব।

সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর এলাকার চিংড়িচাষি আহাদুল ইসলাম বলেন, তাঁর ৫০ বিঘার ঘের রয়েছে। প্রতিবছর চাষে প্রায় ১ কোটি টাকা খরচ হয়। এবার ভালো উৎপাদন হওয়ায় লাভের আশা করছেন তিনি।

একই এলাকার চাষি ইনসার আলী বলেন, খাল খননের ফলে এবার ঘেরে পর্যাপ্ত পানি পাওয়া গেছে। এতে বাগদার উৎপাদন ভালো হয়েছে। তবে পোনা ছাড়ার আগে ল্যাবে ভাইরাস পরীক্ষার ব্যবস্থা থাকা জরুরি। রোগমুক্ত পোনা চাষ করতে পারলে তাঁরা আরও লাভবান হবেন।

চিংড়িচাষি আরেফিন বিল্লাহ বলেন, এল্লারচরে কয়েক কোটি টাকা ব্যয়ে একটি পিসিআর ল্যাব স্থাপন করা হলেও জনবলসংকটে সেটি চালু করা যাচ্ছে না। এ ছাড়া মৎস্য অফিসসংলগ্ন আটপুকুরে আরেকটি পিসিআর ল্যাব থাকলেও সেখানে বাগদা পোনার ভাইরাস পরীক্ষা করানোর সুযোগ তাঁরা পাননি। ফলে ঘেরে পোনা ছাড়ার পর ভাইরাসের সংক্রমণে অনেক সময় চিংড়ি মারা যায় এবং ঘেরের উৎপাদন নষ্ট হয়।

এল্লারচর বাজারের চিংড়ির আড়তদার সুফল রায় বলেন, গত বছরের তুলনায় এবার চিংড়ির উৎপাদন ও দাম দুটিই ভালো। আকার ও মানভেদে প্রতি কেজি বাগদা ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, বড় আকারের চিংড়ি ফ্রোজেন কোম্পানিগুলোতে সরবরাহ করা হয়। ছোট আকারের চিংড়ি পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায়।

জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, দেশের মোট চিংড়ি উৎপাদনের ৪০ থেকে ৬০ শতাংশ এ অঞ্চল থেকে আসে। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে উৎপাদন আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব। এ জন্য ঘেরে পানির গভীরতা বাড়ানো, পিসিআর ল্যাবে পোনার ভাইরাস পরীক্ষা এবং চাষিদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাতক্ষীরার চিংড়ি খাত আরও সমৃদ্ধ হবে।

সেলিম জানান, এল্লারচরে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় সেটি চালু করা সম্ভব হচ্ছে না। জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত