
রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলায় রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ মেডিকেল শিক্ষার্থীরা আজ মঙ্গলবার রাত ৮টা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ৯টা ১০ মিনিটে অবরোধ চলছিল।
শিক্ষার্থীদের দাবি, রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সাকিনকে কোনো প্রকার প্রমাণ ছাড়াই আজ বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়ক অবরোধের ফলে হাজিরহাট থেকে মডার্ন মোড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকায় শত শত যানবাহন আটকা পড়েছে। দিনাজপুর থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের চালক ইকরামুল হক বলেন, ‘১ ঘণ্টা ২০ মিনিট ধরে সড়কে দাঁড়িয়ে আছি। এক সুতাও নড়তে পারিনি।’
ইজিবাইকচালক আনোয়ার ইসলাম বলেন, ‘রোগী নিয়ে মেডিকেল মোড়ে এসে আন্দোলনের মুখে পড়ে গেছি। এক ঘণ্টা ধরে এখানে আটকা পড়ে আছি। জানি না কখন রাস্তা খালি হবে। রাস্তার যানজট সারতে আরও এক ঘণ্টা লাগবে। দেশে কোনো কিছু হলেই মানুষ এখন রাস্তায় দাঁড়ায়। রাস্তায় কি সব সমস্যার সমাধান?’

গ্রেপ্তার সাকিনের খালাতো ভাই সোহেল রানা অভিযোগ করে বলেন, ‘সাকিন প্রতিদিন সাত থেকে আটটা ব্যাচে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের প্রাইভেট পড়ায়। গতকাল সোমবার ঘটনার সময় সে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিল। নিহত শিক্ষার্থী তার সাবেক স্টুডেন্ট ছিল। তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছিল না। অথচ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা সাকিনের নিঃশর্ত মুক্তি চাই।’
আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহরিয়ার আহমেদ সাকিন দাবি করেন, নিহত শিক্ষার্থীকে তিনি একটি ব্যাচে পড়াতেন। মেয়েটি তাঁকে পছন্দ করে বুঝতে পেরে ওই ব্যাচ ছেড়ে দেন। পরে মেয়েটির মায়ের অনুরোধে অন্য একটি ব্যাচে তাকে পড়ালেও আলাদাভাবে কখনো পড়াননি।
সাকিন বলেন, ‘প্রায় তিন মাস হবে ওকে প্রাইভেট পড়াই না। গতকাল ওই সময়টাই আমি প্রাইভেট পড়ানোয় ব্যস্ত ছিলাম।’
গতকাল বিকেলে নগরীর হোটেল নর্থভিউয়ের ৯ তলার ছাদ থেকে পড়ে মারা যায় নুজসাত। সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরীর খলিফাপাড়া এলাকায়।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নুজসাত হোটেলের ছাদে যায় এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে। সিসিটিভি ফুটেজে তাকে ছাদে হাঁটাহাঁটি ও মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে রেলিংয়ের ওপর বসার পর সে নিচে পড়ে মারা যায়। ওই সময় তার আশপাশে অন্য কাউকে দেখা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
২ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
২ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
২ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
৩ ঘণ্টা আগে