
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।
নুরজাহান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের ইউনুস আলীর মেয়ে।
অভিযুক্ত পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের গ্রামের সবেদের মোড় নামের স্থানে আল মদিনা নামের একটি ফার্মেসি রয়েছে। তাঁর ফার্মেসির কোনো অনুমোদন নেই বলে জানা গেছে। সেখানে চেম্বার খুলে শিশুসহ সব ধরনের রোগীর চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তাঁর প্রেসক্রিপশন প্যাডে ‘ডাক্তার’ লেখেন। তিনি নিজেকে জেনারেল মেডিসিন প্র্যাকটিশনার বলে দাবি করেন। এ ছাড়া নিজেকে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক বলেও দাবি করেন তিনি।
নুরজাহানের বাবা ইউনুস আলী জানান, গত ২৯ জুলাই মেয়ের জ্বর হওয়ায় তাকে নিয়ে একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের সবেদের মোড় ওষুধের দোকানে যান তিনি। পল্লিচিকিৎসক আলমগীর নুরজাহানকে দেখে তিন প্রকারের ওষুধ দেন। এসব ওষুধ সেবনের পর থেকে নুরজাহানের শরীরের ছোট ছোট ফোঁসকা পড়তে থাকে। দিনের ব্যবধানে সারা শরীর কালো হয়ে পুড়ে যাওয়ার মতো হয়ে যায়। এরপর ওই পল্লিচিকিৎসক চিকিৎসা দিতে টালবাহানা করেন। দুই দিনের মাথায় নুরজাহানের শরীরের ত্বক উঠে যেতে থাকে এবং ক্ষতের সৃষ্টি হতে থাকে। পরে ১ আগস্ট তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
ইউনুস আলী বলেন, ‘আলমগীরের দেওয়া ওষুধ খাওয়ার পর মেয়ের শরীর ঝলসে যেতে থাকলে তার সঙ্গে কয়েক দফা যোগাযোগ করি। কিন্তু সে টালবাহানা করে এড়িয়ে যায়। পরে মেয়েকে রংপুর মেডিকেলে ভর্তি করি। মেয়ে এখন যন্ত্রনায় কাতরাচ্ছে।’
এ ব্যাপারে পল্লিচিকিৎসক আলমগীর হোসেন দাবি করেন, তিনি ভুল চিকিৎসা দেননি। তিনি জ্বরের কয়েকটি ওষুধ দিয়েছেন মাত্র। মাত্রাতিরিক্ত প্রয়োগে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন হয়েছে কি না জানেন না তিনি।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা বলেন, ‘বিযয়টি জানার পর ওই পল্লিচিকিৎসকের ফার্মেসিতে খোঁজ নিতে আমাদের লোক পাঠানো হয়েছিল। কিন্তু তিনি ফার্মেসি বন্ধ করে পালিয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার রায় বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নির্ণয়ের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে টিম রয়েছে। তারা প্রতিবেদন দিলে পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস নিয়ে সীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যার অভিযোগ উঠেছে। সীমা আক্তার উপজেলার চর কুমিরা গ্রামের সৌদিপ্রবাসী নবীর হোসেনের স্ত্রী এবং কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির বাচ্চু মিয়ার মেয়ে।
১ মিনিট আগে
প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনো দল বা আসনের নন বরং তিনি সারা দেশের তথা ৩০০ আসনের প্রধানমন্ত্রী। তাই আমি আমার আসনের উন্নয়নের দায়িত্ব তার হাতেই অর্পণ করেছি। তিনি সংসদের অভিভাবক হিসেবে তা গ্রহণ করেছেন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে বিষয়টি দেখভাল করার দায়িত্ব দিয়েছেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মাছ শিকারে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। চায়না দুয়ারি ও কারেন্ট জাল ক্রয়-বিক্রি ও বাজারজাত করা নিষিদ্ধ হলেও প্রশাসনের উদাসীনতায় উপজেলার সর্বত্র এ জালের ব্যবহার বেড়েই চলেছে। এতে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
২৬ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটখেত থেকে মো. সাকিব (১৮) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে