Ajker Patrika

ধর্ষণের শিকার শিশুটি ঘুম ভাঙলেই আতঙ্কে মাকে জাপটে ধরছে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৯
ধর্ষণের শিকার শিশুটি ঘুম ভাঙলেই আতঙ্কে মাকে জাপটে ধরছে
প্রতীকী ছবি

রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমারত হোসেন (৫১) নামের একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।

গ্রেপ্তার ইমারত আলীকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নগরীর হারাগাছ থানার ওসি অশোক চৌহান।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশন এলাকায় ঘটনাটি ঘটে। রাতেই ভুক্তভোগী শিশুর বাবা অভিযুক্ত ইমারত হোসেনকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তার ইমারত হোসেন রংপুর সিটির ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাশের বাড়ি থেকে বাসায় ফেরার পথে শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাঁশঝাড়ে নিয়ে যান ইমারত হোসেন। পরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর বাঁশঝাড় থেকে তাদের বের হতে দেখেন গ্রামের একজন। পরে শিশুর মা তার কাছে জানতে চাইলে সে ঘটনাটি খুলে বলে। এ কথা জানাজানির সঙ্গে সঙ্গে এলাকাবাসী ইমারত আলীকে আটক করে।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত ইমারত হোসেনকে আটকে নিজেরাই বিচার করতে উদ্ধত হন। পরে আরএমপি গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনারের নেতৃত্বে ডিবি পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। একপর্যায়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় শিশুটিকে গতকাল রাতে হাসপাতালে আনা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রাখা হয়েছে।

ভুক্তভোগী শিশুর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে হাসপাতালের বেডে ঘুমাচ্ছে। ঘুম ভেঙে গেলেই মাকে জাপটে ধরে রাখছে। তার চোখেমুখে ভয় আর আতঙ্ক। শরীরে অনেক যন্ত্রণা নিয়ে শুয়ে আছে আমার মেয়ে।

শিশুর বাবা আরও বলেন, আমার এতটুকু একটা মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতন কোনো মানুষ করতে পারে? আমি নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত