Ajker Patrika

‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০৮
‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি
নিখোঁজ অপ্রতিম। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক নাহিদা নাহিদের ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকায় নিজেদের বাসা থেকে বের হয় সে, এরপর সে আর ঘরে ফেরেনি।

নাহিদা নাহিদ গতকাল শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, তাঁর ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি পাঞ্জাবি। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে।

ফেসবুক পোস্টে নাহিদা নাহিদ লিখেছেন, ‘আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’

পরে শুক্রবার দিবাগত মধ্যরাতে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে ছেলেকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদা নাহিদ লেখেন, ‘আমার ছেলেরে আমি কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে। ও কি বেঁচে আছে?’ অপ্রতিমের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নাহিদা নাহিদ। তাঁর দেওয়া যোগাযোগ নম্বর—০১৯৭৪৮৮৮৬৬৫।

অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার শনিবার ভোর ছয়টার দিকে মুঠোফোনে আজকের পত্রিকাকে জানান, অপ্রতিমকে তখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, এ ঘটনায় সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ আইফোনের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত আইফোনটির লোকেশন গন্ধমতী এলাকায় দেখা গেছে। এরপর থেকে আর কোনো লোকেশন পাওয়া যায়নি। অপ্রতিম সাধারণত যেসব বন্ধুদের সঙ্গে চলাফেরা করে, তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই বন্ধুরা সবাই নিজ নিজ বাসায় রয়েছে বলে জানান তার বাবা। পুলিশ ও পরিবারের সদস্যরা বন্ধুদের বাসায় গিয়ে অপ্রতিমের সঙ্গে তাদের সর্বশেষ কখন দেখা হয়েছে, সে বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছেন।

অপ্রতিমের বাবা আরও জানান, স্থানীয় বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশ পর্যালোচনার চেষ্টা করছে। তবে রাত পর্যন্ত ক্যামেরার ফুটেজ থেকে অপ্রতিমের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত