Ajker Patrika

ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন করেননি প্রধান শিক্ষক, বঞ্চিত ৫৯ শিক্ষার্থী

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন করেননি প্রধান শিক্ষক, বঞ্চিত ৫৯ শিক্ষার্থী
প্রধান শিক্ষক বলরাম রায়। ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৫৯ শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তির নিবন্ধনের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও এক অফিস সহকারীর বিরুদ্ধে। অভিভাবকদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নেওয়া হলেও নির্ধারিত সময়ে অনলাইন নিবন্ধন করা হয়নি। এতে সরকারি উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে পুরো শ্রেণির শিক্ষার্থীরা।

এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁদের অভিযোগ, টাকা নেওয়ার পরও কম্পিউটার দোকানদারকে পুরো পাওনা পরিশোধ না করায় শিক্ষার্থীদের নিবন্ধন করেননি ওই দোকানদার।

অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ৫৯ শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে উপবৃত্তির অনলাইন নিবন্ধনের কথা বলে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করেন প্রধান শিক্ষক বলরাম রায় ও অফিস সহকারী সাজ্জাদ হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির পর মার্চ মাসের মধ্যে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। নিবন্ধিত শিক্ষার্থীদের মাসে ২০০ টাকা করে বছরে মোট ২ হাজার ৪০০ টাকা পাওয়ার কথা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ হাজার ২০০ টাকা এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ১ হাজার ২০০ টাকা মোবাইল ফোনের মাধ্যমে দেওয়ার নিয়ম রয়েছে। তবে নির্ধারিত সময়ে নিবন্ধন না হওয়ায় বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির কোনো শিক্ষার্থীই এ সুবিধার আওতায় আসেনি।

বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে প্রধান শিক্ষক নিজের পকেট থেকে প্রত্যেক অভিভাবককে ছয় মাসের উপবৃত্তির সমপরিমাণ ১ হাজার ২০০ টাকা করে দেন। তবে পরে ওই টাকা ফেরত দিতে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন অভিভাবকেরা।

ভুক্তভোগী অভিভাবক বিপ্লব মিয়া জানান, তিনি ঢাকায় ব্যবসা করতেন। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এলাকায় ফিরে আসেন। অর্থাভাবে মেয়েকে নিয়মিত পড়াতে না পেরে গত জানুয়ারিতে তৃতীয় শ্রেণির প্রত্যয়নপত্র দিয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করান। এ সময় ভর্তি বাবদ ৩ হাজার এবং উপবৃত্তির নিবন্ধনের কথা বলে ১ হাজার ৫০০ টাকা নেন প্রধান শিক্ষক ও অফিস সহকারী।

বিপ্লব মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন প্রধান শিক্ষক বলছেন উপবৃত্তির জন্য পঞ্চম শ্রেণির প্রত্যয়ন লাগবে। আমার মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়েইনি, প্রত্যয়ন পাব কোথায়? কাগজপত্র ছাড়া ১১ মাস আগে কীভাবে ভর্তি নিলেন এবং টাকা নিলেন, তখন কেন বলেননি পঞ্চম শ্রেণির প্রত্যয়ন লাগবে?’

অফিস সহকারী সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত
অফিস সহকারী সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত

আরেক অভিভাবক আলাল মিয়া অভিযোগ করেন, উপবৃত্তির কথা বলে প্রত্যেকের কাছ থেকে টাকা নেওয়া হলেও কারও সন্তান উপবৃত্তি পায়নি। এখন কারণ জানতে চাইলে নানা কাগজপত্রের অজুহাত দেখানো হচ্ছে।

টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের অফিস সহকারী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি কম্পিউটারের দোকানে কাজটি করতে চেয়েছিলাম, কিন্তু প্রধান শিক্ষক নিজেই করার কথা বলে আমার কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি দোকানদারকে সামান্য কিছু টাকা দিয়ে চলে আসেন। দোকানদারের সঙ্গে যোগাযোগও করেননি এবং তাঁর ফোনও ধরেননি। এতে ক্ষুব্ধ হয়ে দোকানদার নিবন্ধন করেননি।’

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বলরাম রায় নিজের দায় এড়িয়ে বলেন, ‘শুধু আমার বিদ্যালয় নয়, দেশের আরও বেশ কিছু বিদ্যালয়ে অনলাইন নিবন্ধন হয়নি।’ এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

বদরগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘আমি সম্প্রতি এখানে দায়িত্ব নিয়েছি। শিক্ষার্থীদের উপবৃত্তি না পাওয়ার অভিযোগ পেয়েছি। কার গাফিলতিতে তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হলো, তা পুংখানুপুংখভাবে তদন্ত করে দেখা হবে।’

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুসা নাসের চৌধুরী বলেন, ‘অভিভাবকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত