রংপুরের তারাগঞ্জে নাইট কোচের ধাক্কায় গজেন চন্দ্র রায় (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হরকলি তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গজেন চন্দ্র রায় হাড়িয়ারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
গজেন চন্দ্র রায়ের বাড়ি কাশিয়াবাড়ি গ্রামে। তাঁর স্ত্রী তাপসী রানী রায়। তাঁদের দুই ছেলে যাদব চন্দ্র রায় ও মাদব চন্দ্র রায়। সন্তানদের পড়াশোনার সুবিধার জন্য পরিবারের সদস্যদের নিয়ে রংপুর শহরের পাগলাপীরে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
সহকর্মী, পুলিশ ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল সাতটার দিকে পাগলাপীরের ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ের উদ্দেশে বের হন গজেন চন্দ্র রায়। পথে হরকলি তেলপাম্প এলাকায় পৌঁছালে সৈয়দপুরগামী একটি নাইট কোচ তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
পরে আহত গজেন চন্দ্র রায়কে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত বলেন, বিদ্যালয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় গজেন চন্দ্রের মৃত্যু হয়েছে। তাঁর এমন মৃত্যু তাঁরা কখনো কল্পনাও করেননি। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তাঁর মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকালে সড়ক দুর্ঘটনায় শিক্ষক গজেন চন্দ্র রায় মারা গেছেন। তাঁর মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।










