ভুয়া কাবিননামায় যৌতুকের মামলা, বাদী নারীর ৭ দিনের কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুয়া কাবিননামা নথি তৈরি করে এক যুবকের বিরুদ্ধে যৌতুকের মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান এ দণ্ডাদেশ দেন। এ ছাড়াও মামলার বাদীপক্ষের আইনজীবীকে সতর্ক করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় আমবাড়ি গ্রামের হামিদুর হক সরকারের মেয়ে নুরহাত জাহান লিজা (১৮)। তিনি তৌফিক হাসান নামে এক ব্যক্তিকে স্বামী দাবি করে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। মামলার শুনানির সময় জন্ম নিবন্ধন ও কাবিননামা ভুয়া প্রমাণিত হওয়ায় বাদীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
সেই সঙ্গে মামলার বাদীপক্ষের আইনজীবী সমিতির সদ্য সদস্য ও নবীন হওয়ায় অ্যাড. আব্দুর রশিদকে সতর্ক করা হয়। এ বিষয়ে বক্তব্যের জন্য একাধিকবার কল দেওয়া হলেও তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের (এপিপি) মো. সাজ্জাদ হোসেন বলেন, এক নারী অন্যজনকে স্বামী দাবি করে আদালতে মামলা করেছিলেন। ওই নারী যে কাগজপত্র দাখিল করছেন, তা ভুয়া এবং জাল প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত বাদীকে কারাদণ্ড দিয়েছেন।
এপিপি আরও বলেন, এই রায়ের মাধ্যমেই প্রমাণিত হলো কোনো নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করলে তিনি শাস্তি পাবেন। দেশের সাধারণ মানুষের দেশের সুশাসন ও বিচারের প্রতি আরও আস্থা বাড়ল।









