
রাজশাহীর একটি আবাসিক হোটেলের মালিককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসানের ক্যাডার বাহিনী এই ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী রাজু আহমেদের অভিযোগ। রাজু আহমেদ লক্ষ্মীপুর এলাকার একতারা আবাসিক হোটেলের মালিক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকায় তাঁর আবাসিক হোটেলে হামলার ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন মো. হাবিব নামের এক ব্যক্তি। তিনিও ‘প্রিয়াসি’ নামের একটি আবাসিক হোটেলের মালিক। যুবদল নেতা নাজির হাসানের অনুসারী তিনি।
ভুক্তভোগী রাজু আহমেদ জানান, যুবদল নেতা নাজিরের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ছাড়া বাজার কমিটি নিয়েও তাঁর ওপর ক্ষুব্ধ নাজির। গত সোমবার বেলা ১১টার দিকে নাজিরের নির্দেশেই তাঁর ক্যাডার বাহিনীর সদস্যরা হোটেলে গিয়ে তাঁকে খুঁজছিলেন। পরে সন্ধ্যায় হাবিব ছাড়া যুবদল নেতা নাজিরের ক্যাডার জামাল, রানা, অয়ন, নয়ন, মিলন, রবিন, সজিব, পিয়াসসহ আরও ১০-১২ জন হোটেলে গিয়ে রাজুর ওপর হামলা করেন। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে হামলাকারীরা চলে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন থাকা রাজুর মাথা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের জখম দেখা যায়। রাজু আহমেদ জানান, যুবদল নেতা নাজিরের কারণে তিনি এখনো নিরাপত্তাহীনতায় আছেন। এ বিষয়ে তিনি রাজশাহী মহানগর যুবদলের দৃষ্টি আকর্ষণ করেন।
জানতে চাইলে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, ‘নাজিরের বিরুদ্ধে এমন অভিযোগ আমরাও শুনেছি। বিষয়টি তদন্ত করব। তারপর সাংগঠনিক ব্যবস্থা নেব।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান। তিনি বলেন, ‘রাজু এই ঘটনার জন্য আমাকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। এটা আমিও দেখলাম। রাজনৈতিক কারণে হয়তো কেউ তাঁকে দিয়ে বলাচ্ছে। কিন্তু ঘটনার সময় আমি ছিলাম না। কয়েক দিন ধরে আমি ঢাকায় ছিলাম। আজই রাজশাহী ফিরেছি। আমি সব পরে শুনেছি।’
হামলাকারীরা তাঁর ক্যাডার—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি রাজনীতি করি। কেউ ভাই বলে, কেউ চাচা ডাকে। কাছে আসে। তার মানেই তারা আমার ক্যাডার না।’
নাজির আরও বলেন, রাজু আওয়ামী লীগের দোসর। তাঁর বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার মামলাও আছে। সোমবারও রাজু নিজে আগে হামলা করেছিলেন বলে তিনি দাবি করেন। পরে তিনি এই প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে রাজুর বিরুদ্ধে থাকা মামলার কপি পাঠান।
ঘটনার বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘রাজুর ওপর হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মামলা রেকর্ড করা হবে। এ ছাড়া রাজুর বিরুদ্ধেও একটা লিখিত অভিযোগ এসেছে। সেটাও তদন্ত করে দেখা হবে।’

পটুয়াখালীর দশমিনা ও বাউফল উপজেলার বাঁশবাড়িয়া-বগী খালের ওপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর নকশায় ভুল ধরা পড়ায় ২০২০ সাল থেকে কাজ বন্ধ। সংযোগ সড়ক না থাকায় দুই উপজেলার ১১ গ্রামের মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৭ জুলাইয়ের সহিংসতার ঘটনায় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার ও শিবির নেতাদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত’ ও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ বুধবার পাঠানো বিবৃতিতে সংগঠনটি আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান...
৫ মিনিট আগে
সিরাজগঞ্জ শহরে নকল থাই ডায়াপার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের বানিয়াপট্টি এলাকায় যৌথভাবে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ খালি কন্টেইনারের জট কমাতে বন্ড লাইসেন্স ছাড়াই শিপিং এজেন্ট ও মেইন লাইন অপারেটরদের উপযুক্ত স্থানে খালি কন্টেইনার সংরক্ষণের অনুমতি দিতে এনবিআরকে আবারও চিঠি দিয়েছে। ২৬ জুলাই পাঠানো এ চিঠিতে কন্টেইনার জটের কারণে বন্দর কার্যক্রম ব্যাহত হওয়ার কথা তুলে ধরা হয়েছে।
২২ মিনিট আগে