
পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছগ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুঁড়িয়ে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, স্থানীয় জামায়াত ও বিএনপি-সমর্থিত কিছু লোক ঘর স্থাপন করা ওই জমি নিজেদের দাবি করে পরিবারগুলোকে জোর করে তুলে দিয়েছে। একই সঙ্গে ঘর ভেঙে সবকিছু লুট করে নিয়ে গেছে। তবে এ ঘটনার পাঁচ মাসেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে পশ্চিম জামুয়া গ্রামে ভূমিহীন ৬০টি পরিবারকে দলিলসহ ঘর বুঝিয়ে দেয় স্থানীয় প্রশাসন। ৫ আগস্ট সরকারের পতনের পর ওই প্রকল্পের বাসিন্দাদের সরিয়ে দেয় চক্রটি।
জমির মালিক দাবিদার সাতজন হলেন পশ্চিম জামুয়া গ্রামের আকরাম প্রামাণিক, উম্মত প্রামাণিক, আক্কাস প্রামাণিক, ইব্রাহিম প্রামাণিক, ইসমাইল প্রামাণিক, নায়েব আলী ও নবাব আলী। তাঁদের বেশির ভাগই জামায়াত এবং দু-একজন বিএনপি-সমর্থক বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে নজরে আসে সবার।
গত সোমবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, সেখানকার ৬০টি ঘরের সব কটিই ভাঙাচোরা। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রকল্পটি। প্রকল্পের প্রবেশমুখেই একটি সাইনবোর্ড চোখে পড়ে। যেখানে লেখা ‘নিম্ন বর্ণিত সম্পত্তি লইয়া পাবনা সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান আছে। বাদী সাতজনের নাম, বিবাদী সরকার। জমির পরিমাণ ১ দশমিক ৩৮ একর।’
সাংবাদিক এসেছেন শুনে প্রকল্প এলাকায় উপস্থিত হন জমির মালিক দাবিদার নায়েব আলী এবং আক্কাস প্রামাণিকের ছেলে আতিক প্রামাণিক। তাঁরা বলেন, ‘এই জমি আমাদের। কিন্তু পতিত সরকারের সন্ত্রাসী আবু সাইদ খান চেয়ারম্যান সন্ত্রাসী বাহিনী দিয়ে এই জমি জোর করে দখল নিয়ে প্রশাসনকে দিয়ে আশ্রয়ণ প্রকল্প করেছিল।’ তাঁরা আরও বলেন, ‘এই জমি নিয়ে ২০১০ সালে ও ২০২০ সালে আদালতে মামলাও করেছি আমরা। সেই মামলা চলমান থাকা অবস্থায় প্রশাসনের লোকজন নিজেদের ইচ্ছেমতো আশ্রয়ণ প্রকল্পের ঘর করেছে। আমরা অসহায় ছিলাম, কিছু করতে পারিনি। আমাদের জমি দাবি করে তাদের চলে যেতে বলেছিলাম, তবে ঘর ভাঙচুরের সাথে আমরা জড়িত না। তারা নিজেরাই ঘরের সবকিছু ভেঙে নিয়ে চলে গেছে। এখানে আমাদের ওপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে।’
আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা ভূমিহীনদের খোঁজ করে জানা গেল, তারা পাশের বাঁধে বসবাস করছে। সেখানে গিয়ে দেখা যায়, ফুলমালা বেগম নামের এক নারী বাঁধের নিচে ছোট্ট একটা টিনের চাল ও পাটকাঠির বেড়া দিয়ে একটি ঘর তুলে একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করছেন। তাঁর আশপাশে এ রকম ভুক্তভোগী পাওয়া গেল আরও কয়েকজনকে।
ফুলমালা বলেন, ‘ওই দিন (৫ আগস্ট) সন্ধ্যার সময় কিছু লোক এসে আমাগারে এক ঘণ্টার মধ্যি ঘর ছাইড়ে দিয়ার জন্যি নির্দেশ দেয়। আমরা সরকারের কাছে মাথা গুঁজার ঠাঁই চাই।’
জানতে চাইলে পাবনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানা ছিল না। তবে নজরে আসার পর আমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলেছি।’ জমি নিয়ে মামলা আছে কি না জানা নেই উল্লেখ করে ডিসি বলেন, ‘মামলার কাগজপত্র না দেখে বিষয়টি নিয়ে কিছু বলা সম্ভব নয়।’

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৬ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৮ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৮ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৮ ঘণ্টা আগে