Ajker Patrika

রাজশাহী মহানগর: টাকার বিনিময়ে যুবদলে পদ দেওয়ার অভিযোগ, সভাপতি-সম্পাদকের বাড়ি ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগর: টাকার বিনিময়ে যুবদলে পদ দেওয়ার অভিযোগ, সভাপতি-সম্পাদকের বাড়ি ঘেরাও
শনিবার দিবাগত রাতে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাড়ি ঘেরাও করেন পদ না পাওয়া নেতা কর্মীরা। ছবি: সংগৃহীত

টাকার বিনিময়ে রাজশাহী মহানগর যুবদলে পদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির ‘পদ না পাওয়া’ নেতারা। এর জেরে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে তারা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবির বাড়ি ঘেরাও করেছেন। ‘বঞ্চিত’ নেতারা রাত ১১টার দিকে নগরের রাজারহাতা এলাকায় প্রথমে সদস্যসচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসা ঘেরাও করেন। রাত ১২টা পর্যন্ত তারা ওই বাসার সামনে অবস্থান নিয়ে নানা শ্লোগান দেন। তখন যুবদল নেতা রবি বাসায় থাকলেও বের হননি।

পরে বিক্ষোভকারীরা নগরের ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসার সামনে বিক্ষোভ করেন। তখন বাসাটি তালাবদ্ধ ছিল। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ফিরে যান। রোববার বিকেলেও তাদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন হয় ২০২২ সালে। সেই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে তাঁর পদটি শূন্য হয়। এরপর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।

এরই মধ্যে যুবদলের কয়েকজন নেতা বিএনপিতে চলে যান। এ জন্য গত ১৫ জুলাই ৮ জনকে নতুন করে যুগ্মা আহ্বায়ক করা হয়। শনিবার (২১ নভেম্বর) ফের ১৫ জনকে যুবদলের পদ দেওয়া হয়। বিএনপিতে চলে যাওয়া ও মৃত্যুজনিত কারণে পদ শূন্য থাকায় এদের অন্তর্ভুক্ত করা হয় বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই ১৫ জনের অন্তর্ভুক্তির পর ‘পদ না পাওয়া’ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতা প্রয়োগের অধিকারসহ সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ দেওয়ার বিষয়টি তারা কিছুতেই মানতে পারছেন না।

রাতের বাড়ি ঘেরাও কর্মসূচিতে ছিলেন গত ১৫ জুলাই মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা আরিফুজ্জামান সোহেল। তিনি বলেন, ‘জ্যাকি ছাত্রদলের সভাপতি ছিলেন। এখন স্বেচ্ছাসেবক দল বা অন্য সংগঠন করতে পারেন। যুবদল করলেও অন্তত দুবছর পার হওয়া উচিত। তারপর তাকে এত বড় পদ দেওয়া উচিত। কিন্তু তার আগেই তাকে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘দুঃসময়ে যুবদলের অনেক নেতাকর্মী মামলা, হামলা, জেল-জুলুম সহ্য করেছেন। তাদের মহানগর কমিটিতে বড় পদ পাওয়ার যোগ্যতা আছে। কিন্তু শুধু যুবদলকে এক নেতার নিয়ন্ত্রণে রাখার জন্য নতুনদের বড় বড় পদ দেওয়া হয়েছে। এতে টাকার লেনদেনও হয়েছে। এ জন্য বঞ্চিত ও ত্যাগীরা মাঠে নেমেছেন। আমি তাদের সঙ্গে আছি।’

এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, ‘অনেক ত্যাগী নেতা কমিটিতে আসতে পারেনি। একই কমিটিতে বার বার অন্তর্ভুক্তি করা হচ্ছে। নেতাকর্মীদের আবেগ-ক্ষোভ থাকবেই। আমরা সেটা আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করে নেব। তাদের ক্ষোভ-আবেগ, দুঃখ-অভিমানের কথা আমরা কেন্দ্রীয় কমিটিতে জানাব।’

আর আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘অর্থ ও স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনটাই আমার চরিত্রের সাথে যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত