গাছের যত্নে মিলবে অর্ধেক লাভ, খুশি গ্রাম পুলিশ

এত দিন গ্রামীণ জনপদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন গ্রাম পুলিশ সদস্যরা। এবার সেই দায়িত্বের পাশাপাশি গাছের পরিচর্যা করে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন তাঁরা। গাছ বড় হয়ে অর্থকরী সম্পদে পরিণত হলে তা থেকে প্রাপ্ত সুবিধার অর্ধেক পাবেন পরিচর্যার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা। এমন উদ্যোগে খুশি তাঁরা। তাঁদের আশা, এ কর্মসূচির মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ তৈরির পাশাপাশি গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি ও সামাজিক মর্যাদাও বাড়বে।
গ্রাম পুলিশের আর্থসামাজিক উন্নয়ন, গ্রামীণ সড়কে সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো রাজশাহীর পবা উপজেলায় চালু হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’। এর আওতায় উপজেলার আটটি ইউনিয়নে মোট ১৬ হাজার গাছ লাগানো হবে। এসব গাছের একটি অংশের রোপণ ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন গ্রাম পুলিশ সদস্যরা।
কর্মসূচি অনুযায়ী, গাছগুলো বড় হয়ে অর্থকরী সম্পদে পরিণত হলে সংশ্লিষ্ট গাছ থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যরা। বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।
আজ রোববার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পরে তিনি হড়গ্রাম ইউনিয়নে কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় শফিকুল হক মিলন বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নামকরণ করা হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক’। পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।
পবার একজন গ্রাম পুলিশ সদস্য বলেন, গ্রাম পুলিশ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখা এবং ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগে তাঁরা খুশি। গাছের পরিচর্যার দায়িত্ব পালনের মাধ্যমে ভবিষ্যতে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশা করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।









