Ajker Patrika

প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনা, দুই পা হারালেন ট্যাগ অফিসার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনা, দুই পা হারালেন ট্যাগ অফিসার
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনার শিকার সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামের দুই পা কেটে ফেলতে হয়েছে। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনার শিকার সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামের দুই পা কেটে ফেলতে হয়েছে। সুলতানুল ইসলাম রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা। পবার কাশিয়াডাঙ্গা কলেজ কেন্দ্রের ট্যাগ অফিসারের দায়িত্বে আছেন তিনি।

গতকাল বুধবার সকালে কাশিয়াডাঙ্গা থানা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে মোটরসাইকেল নিয়ে তিনি কাশিয়াডাঙ্গা কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন। কলেজের সামনেই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস মহাসড়কে একটি বেপরোয়া ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাঁর দুই পা ও মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যান।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা পরে গুরুতর আহত অবস্থায় এই কর্মকর্তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে তাঁর জীবন বাঁচাতে অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর নিচ থেকে দুই পা কেটে ফেলতে হয়েছে। এ ছাড়া মাথার পেছনের অংশ ও বাম চোখেও গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

এ দিকে দুর্ঘটনার পর কাশিয়াডাঙ্গা কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তাঁদের অভিযোগ, কলেজের সামনে পুলিশ বক্স থাকলেও কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ নেই। গতিরোধক, জেব্রা ক্রসিং ও প্রয়োজনীয় সতর্কীকরণ সাইনবোর্ডের অভাবে প্রতিদিন হাজারো শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন। বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে গিয়ে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে একজন সরকারি কর্মকর্তার এমন দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আহত কর্মকর্তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়েই সুলতানুল ইসলাম এই দুর্ঘটনার শিকার হয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশনায় তাঁর চিকিৎসা এবং পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে।’

এ ঘটনায় আহত কর্মকর্তার ভগ্নিপতি আজাহার ইসলাম বাদী হয়ে ট্রাকচালক রতন রায়ের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত