
রাজবাড়ীর পাংশায় বাবা আব্দুল কাদেরের বিরুদ্ধে নেশার টাকা ও বেশি অর্থের বিনিময়ে তিন বছরের শিশুকে বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার শিশুটির মা মোছা শুকজান খাতুন বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ দমন আইন, ২০১২-এর ৬ (১) (২) / ৭ ধারায় রাজবাড়ীর বিজ্ঞ মানব পাচার বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল কাদের খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আব্দুল কাদের কোনো কাজকর্ম করতেন না। তিনি নেশাগ্রস্ত ছিলেন। সাংসারিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ওমানে যান আব্দুল কাদেরের স্ত্রী মোছা শুকজান খাতুন। ওমানে যাওয়ার সময় তাঁর বড় মেয়ে ফাতেমা (১৮), ছেলে মোবাহান (১৪) ও সুমাইয়াকে (৩) নানি রহিমার কাছে রেখে যান তিনি। বিদেশ যাওয়ার দুই-তিন মাস পর কাদের শাশুড়ির কাছ থেকে সুমাইয়াকে নিয়ে যান। সুমাইয়াকে নিয়ে যাওয়ার তিন-চার মাস পর আব্দুল কাদের শুকজানকে জানান সুমাইয়া হারিয়ে গেছে।
পরে দুই বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে এসে মেয়ে সুমাইয়ার সন্ধান পান শুকজান। এ সময় তিনি জানতে পারেন, তাঁর স্বামী নেশার টাকা জোগাতে এবং বেশি অর্থের লোভে নারী পাচারকারীদের কাছে বিক্রির জন্য কুমারখালী উপজেলার মমিন মণ্ডলের কাছে তাঁর মেয়ে সুমাইয়াকে রেখেছেন। এ ঘটনায় গতকাল শুকজান খাতুন বাদী হয়ে উপজেলার ১ নম্বর কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের মৃত মকছেদ মণ্ডলের ছেলে আব্দুল মমিন মণ্ডলকে প্রধান আসামিসহ স্বামী আব্দুল কাদেরের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইন, ২০১২-এর ৬ (১) (২) / ৭ ধারায় রাজবাড়ীর বিজ্ঞ মানব পাচার বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
মামলার বাদী শুকজান খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অনেক চেষ্টা করেও মেয়েকে ফিরিয়ে আনতে পারছি না। আমি আমার মেয়ে সুমাইয়াকে মমিন মণ্ডলের বাড়িতে আনতে গেলে আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কাদের মোবাইল ফোনে বলেন, ‘আমার স্ত্রী যেসব অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা।’ তিনি স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমাদের অভাব-অনটনের সংসার। আমার স্ত্রী এই সংসারে থাকবেন না বলে তিন-চার বছর আগে তিন সন্তানকে রেখে বাড়ি থেকে চলে যায়। আমার ছোট মেয়ে সুমাইয়ার বয়স তখন ৩ বছর। তখন আমি আমার মেয়ে সুমাইয়াকে লালন-পালন না করতে পারায় এতিমখানায় দিয়ে দেব বলে সিদ্ধান্ত নেই। এ সময় আমার প্রতিবেশী মর্জিনা বেগমের ভাই মমিন মণ্ডল আমার মেয়েকে লালন-পালন করার দায়িত্ব নিতে ইচ্ছা পোষণ করে। পরে নিজের মেয়ে হিসেবে লালন-পালন করার জন্য বুঝে নেয়।’
অপর অভিযুক্ত মমিন মণ্ডল বলেন, ‘আমার তিন ছেলেসন্তান রয়েছে। মেয়েসন্তান না থাকায় সুমাইয়াকে নিজের মেয়ে হিসেবে লালন-পালন করার জন্য এনেছি। এখন পর্যন্ত সুমাইয়া আমার মেয়ে হিসেবেই বাড়িতে রয়েছে। তবে স্বামী-স্ত্রী একে অপরকে পাল্টাপাল্টি অভিযোগ করলেও তাঁদের এখনো বিবাহবিচ্ছেদ হয়নি বলে জেনেছি।’
মামলার বাদীপক্ষে জেলা জজকোর্টের অ্যাডভোকেট রেশমা নাহার মাহমুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
৭ মিনিট আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
৩৭ মিনিট আগে
চরম আবাসন সংকটে পড়েছে দেশের উত্তরাঞ্চলের প্রায় সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় আবাসন সুবিধা ১০ শতাংশের নিচে। ফলে হাজার হাজার শিক্ষার্থী মেস বা ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন।
১ ঘণ্টা আগে
অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের তেলিখালী এলাকার ধোপাঝুড়ি সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জনকে হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে