Ajker Patrika

পিরোজপুরে বলেশ্বর নদে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২২: ০৩
পিরোজপুরে বলেশ্বর নদে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস
অবৈধ বাঁধা জাল ধ্বংস। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের বলেশ্বর নদে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাঁধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে তিনটি অবৈধ বাঁধা জাল জব্দ করা হয় এবং পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ রোববার দুপুর ১২টায় উপজেলার লহরী এলাকায় বলেশ্বর নদে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আরিফের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে জব্দ করা ৩টি অবৈধ বাঁধা জাল জিয়ানগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাঁধা জাল নদীর স্বাভাবিক জলপ্রবাহ ও মাছের প্রজননে মারাত্মক ক্ষতি করে। এসব জালের কারণে ছোট মাছ ও পোনা নির্বিচারে নিধন হওয়ায় নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহার কিংবা নিষিদ্ধ পদ্ধতিতে মাছশিকারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত