Ajker Patrika

শিক্ষক দিবসে শুভেচ্ছা নেওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রধান শিক্ষক

পঞ্চগড় প্রতিনিধি
শিক্ষক দিবসে শুভেচ্ছা নেওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রধান শিক্ষক
প্রধান শিক্ষক নুর আজম। ছবি: আজকের পত্রিকা

প্রতিদিনের মতোই সকাল ৯টায় বিদ্যালয়ে এসেছিলেন প্রধান শিক্ষক নুর আজম (৫৬)। শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীরা তাঁর হাতে তুলে দিয়েছিল ফুল। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ সোমবার সকালে সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষক নুর আজম উপজেলার মীরগড় এলাকার বাসিন্দা। ২০১২ সালে তিনি মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে আসেন নুর আজম। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে অন্য শিক্ষকেরা শ্রেণিকক্ষে চলে গেলে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিদ্যালয়ের অফিস সহায়কের সহযোগিতায় তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান বলেন, ‘শিক্ষক দিবস উপলক্ষে কর্মসূচি শেষে আমরা শ্রেণিকক্ষে চলে যাই। কিছু সময় পর জানতে পারি নুর আজম স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে হারাতে হবে, তা আমরা ভাবতেও পারিনি।’

সদর হাসপাতালের চিকিৎসক মোখলেসুর রহমান বলেন, ওই শিক্ষককে জরুরি বিভাগে আনার পর তাঁর ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল না। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে বুকে চাপ দেওয়াসহ প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা করা হয়। পরে ইসিজি করে নিশ্চিত হওয়া যায়, তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে নুর আজম স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার রাত ৯টার দিকে মীরগড় এলাকায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত