পঞ্চগড় ডিসি কার্যালয় চত্বরে উদ্ধার বোমাটি ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়, মিলল আওয়ামী লীগের ৮ দফার স্মারকলিপি

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুটি প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা ডিসপোজাল ইউনিট। এ সময় বস্তুটির ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোসংবলিত আট দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করেন এসআরবির বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা। পরে এর ধ্বংসাবশেষ থেকে আওয়ামী লীগের জেলা কমিটির পক্ষ থেকে দেওয়া আট দফা দাবির স্মারকলিপিটি পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে স্মারকলিপির বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে চাদর দিয়ে মুখ ঢেকে এক ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি রেখে যান। বিষয়টি নজরে আসার পরপরই কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয় এবং খবর দেওয়া হয় এসআরবির বোমা ডিসপোজাল ইউনিটকে।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার তৌহিদ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে জানতে পারি, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে একটি চেয়ারের ওপর লাল রঙের বোমাসদৃশ বস্তু রেখে গেছে কেউ। খবর পাওয়ার পরপরই আমরা এসআরবির একটি টহল দল সেখানে পাঠাই। পরে বোমা ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। প্রশিক্ষিত দলটি দক্ষতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। এটি স্থানীয়ভাবে তৈরি এক ধরনের আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)।’
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকারনাইন কবির স্টিভ বলেন, ‘প্রথমে বস্তুটি বোমা কি না, সে বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম না। বোমা স্কোয়াডের সদস্যরা আসার পর নিশ্চিত হই যে এটি বোমা। আর যে চিঠির কথা বলছেন, নিরাপত্তার স্বার্থে আপাতত সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এতে গোপনীয় কিছু বিষয় রয়েছে, যা এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।’









