পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত নারায়ণপুর বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিওপিটির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপির উদ্বোধন করা হয়। পরে নামফলক উন্মোচন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এ সময় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক অপারেশন লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদসহ অন্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ।
ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে। মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার ও পুশ ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিজিয়ন কমান্ডার আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।
স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।









