Ajker Patrika

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল যুবকের মরদেহ

পঞ্চগড় প্রতিনিধি 
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৭: ৩৫
মাছ ধরতে গিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল যুবকের মরদেহ
নিহত বকুল ইসলাম। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ এক দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের ভেলকুপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বকুল ইসলামের (১৮) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বকুল ইসলাম সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার আলম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে করতোয়া নদীতে মাছ ধরতে নেমে প্রবল স্রোতের মধ্যে নিখোঁজ হন বকুল। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালালেও তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।

আজ সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে স্থানীয় প্রায় ৫০ জন বাসিন্দাও এতে অংশ নেন। একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভাটিতে বকুলের মরদেহ উদ্ধার করা হয়।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, বকুল যে স্থানে নিখোঁজ হয়েছিলেন, সেখানে পানির গভীরতা ও স্রোত তুলনামূলক বেশি ছিল। ধারণা করা হচ্ছে, তিনি পানিতে তলিয়ে যান এবং পরে স্রোতের টানে মরদেহ প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে যায়। রংপুরের ডুবুরি দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত