Ajker Patrika

৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে টিকে রইলেন কেবল দুজন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৫: ৩৯
৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে টিকে রইলেন কেবল দুজন
টমাস টুখেল ও রুডি গার্সিয়া। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

বিশ্বকাপে খেলোয়াড়দের মতো কোচদেরও লড়াই চলে ইতিহাসের সঙ্গে। আর সেই ইতিহাস বলছে, নিজের দেশের বাইরে অন্য কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত বিশ্বকাপ জেতাতে পারেননি কোনো কোচ। ৯৬ বছরের এই অপেক্ষা এবার ঘোচানোর সুযোগ আছে মাত্র দুজনের সামনে। আর তাঁরা হলেন ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেল এবং বেলজিয়ামের ফরাসি কোচ রুডি গার্সিয়া।

এবারের বিশ্বকাপের ৪৮ দলের ২৭টি দলই ভরসা রেখেছিল বিদেশি কোচের ওপর। কিন্তু নকআউট পর্ব গড়াতেই একে একে বিদায় নিয়েছেন প্রায় সবাই। কোয়ার্টার ফাইনালের আগে টিকে রয়েছেন শুধু টুখেল ও গার্সিয়া। ফলে ইতিহাস বদলানোর সম্ভাবনাও এখন সীমাবদ্ধ এই দুই কোচের মধ্যে।

বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ বিদেশি কোচ দেখা গিয়েছিল ১৯৭৮ সালে। ওই বছর অস্ট্রিয়ান এর্নস্ট হ্যাপেলের অধীনে নেদারল্যান্ডস ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি; আর্জেন্টিনার কাছে হারতে হয়েছিল তাদের।

ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের অপেক্ষায়। সেই অপেক্ষার অবসান ঘটাতেই টমাস টুখেলকে দায়িত্ব দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। গ্যারেথ সাউথগেটের অধীনে দলটি ইউরোর দুটি ফাইনাল ও একটি বিশ্বকাপ সেমিফাইনাল খেললেও শেষ ধাপ পেরোতে পারেনি। সেই অপূর্ণতা পূরণের লক্ষ্য নিয়েই টুখেলের আগমন।

তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে, যারা শেষ ষোলোয় আর্লিং হালান্ডের নেতৃত্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করেছে।

অন্যদিকে বেলজিয়ামের দায়িত্ব নিয়ে রুডি গার্সিয়া শুরু করেছেন দারুণভাবে। শেষ ষোলোয় সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী বেলজিয়ামের সামনে এবার স্পেনের চ্যালেঞ্জ। এই ম্যাচই বলে দেবে গার্সিয়ার দল ইতিহাস গড়ার পথে কতটা এগোতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত