Ajker Patrika

এআই দিয়ে জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় কলেজশিক্ষার্থী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি 
এআই দিয়ে জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় কলেজশিক্ষার্থী কারাগারে
মোঃ শাকিল আহমেদ। ছবি: আজকের পত্রিকা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের আপত্তিকর ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কলেজশিক্ষার্থী মো. শাকিল আহমেদকে (২৪) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তাঁকে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালত-২-এ হাজির করা হলে বিচারক মোস্তাকিম ইসলাম এই আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত শাকিল আহমেদ রাজধানীর তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Coto Babu Ahmed’ থেকে এআই ব্যবহার করে তৈরি করা জাইমা রহমানের একটি বিকৃত ছবি পোস্ট করেন। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাটি আমার ইউনিয়নে ঘটেছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এভাবে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ফেসবুক পোস্টটির সত্যতা যাচাইয়ের পর শাকিলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত